তেলাপোকা ও বাসি খাবার রাখায় ব্লু পিয়ার রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় অবস্থিত ব্লু পিয়ার রেস্টুরেন্টে তেলাপোকার বিচরণ, ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ ও অপরিচ্ছন্ন পরিবেশের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৫ জুলাই) দুপুরে নিয়মিত তদারকির অংশ হিসেবে রেস্টুরেন্টটিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রান্নাঘরে তেলাপোকার উপস্থিতি, পেস্ট কন্ট্রোলের ব্যবস্থা না থাকা, ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ এবং সামগ্রিকভাবে অপরিচ্ছন্ন পরিবেশের প্রমাণ পাওয়া যায়। এসব কারণে প্রতিষ্ঠানটিকে নগদ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। এ সময় কৃষি বিপণন অধিদপ্তরের বাজার কর্মকর্তা ও জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বলেন, নিয়মিত তদারকির অংশ হিসেবে ব্লু পিয়ার রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়েছে। পরিদর্শনে রান্নাঘরে স্বাস্থ্যবিধি না মানা, পেস্ট কন্ট্রোলের ব্যবস্থা না থাকা, তেলাপোকার বিচরণ ও ফ্রিজে বাসি খাবার সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এছাড়া সার্বিক পরিবেশও অপরিচ্ছন্ন ছিল। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় রেস্টুরেন্টটির ম্যানেজার জাকির হোসেন অনিয়মের বিষয়টি স্বীকার করে বলেন, ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা কিছু ত্রুটি পেয়েছেন। তারা সাত দিনের সময় চেয়েছেন এবং সেই সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে সব ধরনের ত্রুটি সংশোধন করা হবে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলার বিভিন্ন হোটেল-রেস্টুরেন্ট ও খাদ্য প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।





































