খোরশেদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত, জুলাই শহীদদের স্মরণে দোয়া
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে সাবেক যুবদল নেতাকর্মীদের দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ও জুলাই শহীদদের স্মরণে দোয়া করেছেন মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও সাবেক নেতাকর্মীরা।
বুধবার (১৫ জুলাই) বিকেলে ২৭ নম্বর ওয়ার্ডের কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ে নিম, আম, কাঁঠাল ও পেয়ারা গাছ রোপণ করা হয়। পরে জুলাই স্মৃতিস্তম্ভ চত্বরে জুলাই আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও বৃক্ষরোপণ করা হয়।
দোয়া মাহফিলে জুলাই শহীদদের ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য দেন বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি জুয়েল রানা, ২৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মোমেন মিয়া, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আল আমিন ও সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলামসহ অনেকে।
এ সময় খোরশেদ বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় মহানগরীর প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণ করা হবে। কাঠ বা সৌন্দর্যবর্ধক গাছের পরিবর্তে পরিবেশবান্ধব নিম ও ফলজ বৃক্ষ রোপণ করা হচ্ছে, যাতে পরিবেশ, মানুষ ও পশুপাখি উপকৃত হয়।
জুলাই স্মৃতিস্তম্ভে দোয়া শেষে খোরশেদ বলেন, জুলাইয়ের স্মৃতি জাগ্রত রাখতে হবে, যাতে বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়।
বৃক্ষরোপণ ও দোয়া শেষে অসুস্থ সাবেক যুবদল নেতা কাইয়ুম হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাড়িতে যান নেতাকর্মীরা।
এ সময় নুরুল্লাহ খন্দকার, রানা মুন্সী, মুসা মিয়া, মো. মিঠু, রাসেল আহমেদ মনির, নুরুল আলম, কামরুল ইসলাম, আক্তার হোসেন জাহিদ, মহিউদ্দিন, কুতুবউদ্দিন, জসিম, মো. জামাল হোসেন, ওসমান গনি, ইসলাম মিয়া, মাহফুজুর রহমান বিল্লাল, গাজী খোকন, জুলহাস, মিজান, নীরব, রিয়াদসহ সাবেক যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





































