ত্বকী স্মরণে দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা
তানভীর মুহাম্মদ ত্বকীর স্মরণে দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ’২৬-এর আয়োজন করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় বিজয়ীদের পদক, ক্রেস্ট, বই ও সনদপত্র প্রদান করা হবে।
সোমবার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ১০ জনকে সনদপত্র, বই ও ক্রেস্ট দেওয়া হবে। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা বিশেষ ক্রেস্ট, বই ও সনদপত্র পাবেন। প্রথম স্থান অধিকারীকে প্রদান করা হবে ‘ত্বকী পদক ২০২৬’। প্রতিযোগিতায় নির্বাচিত সেরা ১০টি রচনা ও ১০টি চিত্রকর্ম নিয়ে প্রকাশ করা হবে স্মারকগ্রন্থ ‘ত্বকী’।
রচনা প্রতিযোগিতায় ৫ম থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘ক’ বিভাগের বিষয় ‘আমার স্কুল’। এ বিভাগের রচনার শব্দসংখ্যা সর্বোচ্চ ৩০০। ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘খ’ বিভাগের বিষয় ‘শিশু নির্যাতন চাই না’, যার শব্দসংখ্যা সর্বোচ্চ ৬০০। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ‘গ’ বিভাগের বিষয় ‘ত্বকীকে নিয়ে একটি রচনা’। এ বিভাগের রচনার শব্দসংখ্যা সর্বোচ্চ ১ হাজার ৫০০।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু থেকে ৩য় শ্রেণি পর্যন্ত ‘ক’ বিভাগ এবং ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত ‘খ’ বিভাগের বিষয় উন্মুক্ত রাখা হয়েছে। ৭ম থেকে ১০ম শ্রেণির ‘গ’ বিভাগের বিষয় ‘ত্বকীর প্রতিকৃতি’।
আয়োজকরা জানান, চিত্রাঙ্কনের মাধ্যম উন্মুক্ত। কার্টিজ পেপারের চার ভাগের এক ভাগ (১০×১৫ ইঞ্চি) আকারের কাগজে ছবি আঁকতে হবে।
রচনা ও চিত্রকর্ম জমা দেওয়ার শেষ সময় ১০ সেপ্টেম্বর ২০২৬। ডাকযোগে পাঠানোর ক্ষেত্রে খামের ওপর প্রতিযোগীর নাম, ঠিকানা, শ্রেণি ও ফোন নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এর সঙ্গে একটি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। চিত্রাঙ্কন প্রতিযোগীদের ছবির পেছনে ইংরেজিতে স্পষ্টভাবে নিজের নাম লিখতে হবে।
রচনা ও চিত্রকর্ম পাঠানোর ঠিকানা: দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ’২৬, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ, ২৭ এস. কে. রোড, নারায়ণগঞ্জ।





































