০৭ জুলাই ২০২৬

প্রকাশিত: ২১:৪৭, ৭ জুলাই ২০২৬

ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ডিসির

ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ডিসির

নারায়ণগঞ্জের ভূমি সেবাকে ঘুষ, দুর্নীতি, দালাল ও হয়রানিমুক্ত করতে জেলার সব ভূমি অফিস ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে বিশেষ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার এক সাক্ষাৎকারে জেলা প্রশাসক বলেন, “নারায়ণগঞ্জবাসী যাতে ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত, দালালমুক্ত ও হয়রানিমুক্তভাবে সহজে ভূমি সেবা পান, সেটি নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।”

সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আমি নিজে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত নই। তাই কোনো সরকারি কর্মকর্তাকেও এ ধরনের কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। প্রত্যেককে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধ নিয়ে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের তালবাহানা মেনে নেওয়া হবে না।”

ডিসি রায়হান কবির আরও বলেন, “নারায়ণগঞ্জের সব ক্ষেত্রে অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। বিশেষ করে ভূমি খাতকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সে যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। ঘুষ বা দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বলেন, “ঘুষ গ্রহণ এবং ঘুষের লেনদেনে সহযোগিতা—দুটিই সমান অপরাধ। নিজে দুর্নীতি না করলেও অন্যকে সুযোগ করে দিলে নাগরিক হয়রানি বন্ধ হবে না। প্রতিটি ভূমি অফিসে আমার লোক নিবিড়ভাবে তথ্য সংগ্রহ করছে।”

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে জেলা প্রশাসক বলেন, “ভূমি সেবাকে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও দালালমুক্ত করতে আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন বলে আশা করি।”

সেবার মান নিয়েও কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “শুধু আর্থিক অনিয়মই দুর্নীতি নয়। দায়িত্ব যথাযথভাবে পালন না করা কিংবা সময়মতো সেবা না দেওয়াও দুর্নীতির শামিল। যে সেবা একদিনে দেওয়া সম্ভব, সেটি যদি অযথা পাঁচদিন বিলম্ব করা হয়, সেটিও এক ধরনের দুর্নীতি।”

জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, “আপনারা ঘুষ দিয়ে কাজ করাবেন না। কেউ ঘুষ চাইলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব। সরকার জনগণের দোরগোড়ায় সহজে ভূমি সেবা পৌঁছে দিতে কাজ করছে। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতাও প্রয়োজন।”

জেলা প্রশাসক জানান, গত সোমবার (৬ জুলাই) সোনারগাঁও উপজেলার বিভিন্ন ভূমি অফিস পরিদর্শন করে সেবা প্রার্থীদের হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে নৈতিক অবস্থান তুলে ধরে মো. রায়হান কবির বলেন, “ঘুষ, দুর্নীতি ও অনিয়ম করলে একদিন সবারই জবাবদিহি করতে হবে। আমরা জনগণকে সেবা দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত। তাই জনগণকে সেবা দেওয়াই আমাদের নৈতিক দায়িত্ব।”

সর্বশেষ

জনপ্রিয়