‘ত্বকীর হত্যাকারী ওসমানদের বিচার না হলে রাজপথ ছাড়বো না’: হালিম আজাদ
‘মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচারের দাবি জানিয়ে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব, কবি ও সাংবাদিক হালিম আজাদ বলেছেন, “আমরা আশা করবো- নারায়ণগঞ্জের কুখ্যাত খুনি ওসমান পরিবার, শামীম ওসমানসহ যারা ত্বকীকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করেছিল, তাদের বিরুদ্ধে অবিলম্বে পূর্ণাঙ্গ চার্জশিট আদালতে পেশ করতে হবে। এরপরই এই বিচার প্রক্রিয়া শুরু হবে। তবে একটি বিষয় খুনিরা জেনে রাখুক, ত্বকীর হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না এবং এই খুনিদের বিচারের দাবি প্রতিনিয়ত করে যাব।”
বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় ত্বকী হত্যার ১৬০ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, “তানভীর মুহাম্মদ ত্বকীকে হত্যা করার পর থেকে খুনিদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জন্য আমরা দীর্ঘ লড়াই-সংগ্রাম চালিয়ে আসছি। কিন্তু বিগত দু’টি সরকার যেভাবে ত্বকী হত্যাকাণ্ডের বিষয়টিকে অবজ্ঞা করেছে, তা অত্যন্ত নিন্দনীয়। আমরা আশা করবো- বর্তমান যে সরকার এসেছে, তারা এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসবে। আমি সরাসরি মাননীয় প্রধামন্ত্রীকে লক্ষ্য করে বলবো- আপনি অবিলম্বে এই ত্বকী হত্যার বিষয়গুলো সম্পর্কে অবগত হোন। বিগত ১৩টি বছর ধরে আমরা এই হত্যাকাণ্ডের খুনিদের আইনের আওতায় এনে বিচার করার জন্য যে আন্দোলন পরিচালনা করছি, তা সরকারের নজরে নেওয়া হোক।”
সংগঠনের সভাপতি মনি সুপান্থ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীনা তাজরীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাদারণ সম্পাদক জাহিদুল হক দীপু, ন্যাপ জেলা সভাপতি এড. আওলাদ হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন, সামাজিক সংগঠন সমমনার সভাপতি সালাহউদ্দিন আহমেদ, বাসদের জেলা সংগঠক প্রদীপ সরকার প্রমুখ।





































