সিদ্ধিরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, আটক আরও ২
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া সিআর ওয়ারেন্টে একজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মিজমিজি বাতানপাড়া এলাকার মো. ইব্রাহিম খলিলের ছেলে মো. সাইফুল ইসলাম মিলন (৩৮), হিরাঝিল এলাকার সাইফুল প্রধানের ছেলে সাইদুর প্রধান (২৫), ধনকুন্ডা এলাকার মৃত আলা উদ্দিনের ছেলে হাসিবুল হাসান শাওন (৩০) এবং শিমুলপাড়া বিহারী কলোনি এলাকার মো. জাবেদের ছেলে মো. ফরিদ (২৮)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
এছাড়া একজন সিআর ওয়ারেন্টভুক্ত এবং অপরজন পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।





































