বৈরি আবহাওয়ায় এইচএসসি পরীক্ষার পরবর্তী সূচি স্থগিতের দাবি ছাত্র ফেডারেশনের
টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের দুর্ভোগের কথা তুলে ধরে পরবর্তী পরীক্ষাগুলো স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা।
সোমবার (১৩ জুলাই) এক প্রেস বিবৃতিতে তারা এ দাবি জানান।
সংগঠনটির আহ্বায়ক মৌমিতা নূর এক বিবৃতিতে বলেন, আজ অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে। অনেক পরীক্ষার্থী কোমরসমান পানি পেরিয়ে, নৌকা কিংবা ঝুঁকিপূর্ণ যানবাহনে করে কেন্দ্রে পৌঁছেছে। একটি পাবলিক পরীক্ষায় অংশ নিতে গিয়ে শিক্ষার্থীদের এভাবে ঝুঁকি নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, শিক্ষা অর্জনের অধিকার কখনোই শিক্ষার্থীদের নিরাপত্তার বিনিময়ে নিশ্চিত করা উচিত নয়। বর্তমান পরিস্থিতি চলতে থাকলে আগামী পরীক্ষাগুলোও একই ধরনের ঝুঁকির মধ্যে অনুষ্ঠিত হবে। এতে শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মুখে পড়বে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরবর্তী এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো স্থগিত রেখে পরে নতুন সময়সূচি ঘোষণার দাবি জানান তিনি।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্যসচিব তাহমিদ আনোয়ার বলেন, আজকের পরীক্ষার অভিজ্ঞতা স্পষ্ট করে দিয়েছে যে বর্তমান আবহাওয়া ও দুর্যোগ পরিস্থিতিতে পরীক্ষা আয়োজন উপযুক্ত নয়। অনেক শিক্ষার্থী ও অভিভাবক চরম কষ্টের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছেন, যা শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক সুস্থতার জন্য বড় উদ্বেগের বিষয়।
তিনি আরও বলেন, এই পরিস্থিতি চলতে থাকলে প্রতিটি পরীক্ষার দিনই শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। তাই শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তাদের দাবি, শিক্ষার্থীদের জীবন, নিরাপত্তা ও সমঅধিকারকে গুরুত্ব দিয়ে অবিলম্বে পরবর্তী এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো স্থগিত করা হোক এবং পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন রুটিন প্রকাশ করা হোক।
বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা জানায়, শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। পরীক্ষার নামে শিক্ষার্থীদের কোনোভাবেই ঝুঁকির মুখে ঠেলে দেওয়া উচিত নয়। শিক্ষার্থীদের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত মানবিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে বলেও আশা প্রকাশ করেছে সংগঠনটি।





































