দেওভোগে শিশু সন্তানের গলাচেপে হত্যার অভিযোগে মা আটক
নারায়ণগঞ্জ নগরীতে ১২ বছর বয়সী শিশু সন্তানকে গলা চেপে হত্যার অভিযোগে মাকে আটক করেছে পুলিশ। নিহত শিশুটির মা পুলিশের কাছে হত্যার বিষয়টি স্বীকারও করেছেন বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।
তিনি বলেন, মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক আড়াইটার দিকে দেওভোগ পাক্কা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তায়েব হোসেন (১২) একই এলাকার আফসার হোসেন আলমগীরের ছেলে।
পুলিশ জানায়, পারিবারিক একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তাসলিমা আক্তার প্রথমে তার ছেলেকে মারধর করেন। একপর্যায়ে তিনি দুই হাত দিয়ে ছেলের গলা চেপে ধরলে শ্বাসরোধে তায়েবের মৃত্যু হয়। ঘটনার পর তাসলিমা আক্তার ছেলেকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করলে তার খালু মো. কাউসার দ্রুত তায়েবকে নিতাইগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা তাসলিমা বেগমকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





































