ফতুল্লার শিক্ষার্থীদের উদ্যোগে বন্যার্তদের জন্য ১৭ হাজার টাকা সংগ্রহ
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে নারায়ণগঞ্জের ফতুল্লায় অর্থ সংগ্রহ কর্মসূচি পালন করেছেন একদল সাধারণ শিক্ষার্থী। গত তিন দিনে বিভিন্ন এলাকায় ঘুরে বন্যার্তদের সহায়তায় ১৭ হাজার ২৭১ টাকা সংগ্রহ করেছেন তারা।
১২ থেকে ১৫ জুলাই পর্যন্ত ফতুল্লার বিভিন্ন এলাকায় এ অর্থ সংগ্রহ কর্মসূচি পরিচালনা করা হয়। শিক্ষার্থীরা জানান, দেশের কয়েকটি এলাকায় বন্যা ও ভূমিধসে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক দায়িত্ববোধ থেকেই তারা এ উদ্যোগ নিয়েছেন।
তারা আরও জানান, তহবিল সংগ্রহ কর্মসূচি আগামী শনিবার পর্যন্ত চলবে। সংগ্রহ করা অর্থ বন্যার্তদের সহায়তায় ব্যয় করা হবে।
শিক্ষার্থীদের মধ্যে এ উদ্যোগে বিশেষভাবে দায়িত্ব পালন করেন রুপম, ফারদিন, অনন্ত, ইমু, নাজিম, আলভী, আকাশ, আরিফ, তাহসিন ও ফাহিম। এছাড়া রুপম, তাহসিন, আলভী, অনন্ত, ফারদিন, আকাশ, নাজিম ও জিহাদসহ শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
শিক্ষার্থীরা বলেন, বন্যা-পরবর্তী সময়েও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের উপকারে আসতে তারা এ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ মানবিক উদ্যোগে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তারা।





































