আড়াইহাজারে মাদক বিক্রেতা ডালিম মোল্লার কারাদণ্ড
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চিহ্নিত মাদক বিক্রেতা ডালিম মোল্লাকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার দাইরাদি এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় ডালিম মোল্লাকে হাতেনাতে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দন্ড দেন।
আদালত সূত্রে জানা গেছে, দাইরাদি এলাকার নাজির মোল্লার ছেলে ডালিম মোল্লার (৪৫) কাছ থেকে ছয় পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১৮ মাসের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায় কার্যকরের জন্য তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডালিম মোল্লার বিরুদ্ধে এর আগে একাধিক মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়।





































