১৬ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫০, ১৫ জুলাই ২০২৬

আপডেট: ২১:৫১, ১৫ জুলাই ২০২৬

রফিক খানের সংগ্রামী জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান: স্মরণসভায় বক্তারা

রফিক খানের সংগ্রামী জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান: স্মরণসভায় বক্তারা

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে শ্রমিক নেতা রফিক খানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং শ্রম আইন ও বিধির শ্রমিক স্বার্থবিরোধী ধারা বাতিলের দাবিতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টায় নগরীর ২ নম্বর রেলগেট এলাকার সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি হিমাংশু সাহা, নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুর রহমান, জেলার সহসভাপতি গোলাম মোস্তফা সাচ্চু, বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় সদস্যসচিব আবু হাসান টিপু, জেলার সভাপতি শহীদুল ইসলাম নান্নু, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলার নেতা আব্দুল হাই শরীফ, বিমল কান্তি দাস ও নিহত রফিক খানের সন্তান নাদিরা।

বক্তারা বলেন, দেশে বর্তমানে নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলেও নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। বিগত স্বৈরাচারী হাসিনা সরকার ও অন্তর্বর্তী সরকারের সময়ের মতো বর্তমান সরকারের সময়েও শ্রমজীবী মানুষের আয় বাড়ানো ও মজুরি বৃদ্ধির কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

তারা বলেন, বাজেটে ধনীদের জন্য কর কমানো হলেও পরোক্ষ কর বাড়িয়ে গরিব মানুষের পকেট কাটার ব্যবস্থা রাখা হয়েছে। শ্রমিকদের দাবি অনুযায়ী আইন করে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শ্রম আইন সংশোধন করা হলেও গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নে শ্রম আইনের শ্রমিক স্বার্থবিরোধী ধারাগুলো বহাল রয়েছে। সর্বত্র ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতেও কার্যকর পদক্ষেপ নেই।

বক্তারা আরও বলেন, শ্রমিক নেতা রফিক খান ২৫ বছর আগে দুর্বৃত্তদের হাতে নিহত হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার হত্যার বিচার হয়নি। রফিক খান নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন ও বাম আন্দোলনের অন্যতম শীর্ষস্থানীয় নেতা ছিলেন।

তারা বলেন, রফিক খানের সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং শ্রম আইন ও বিধির শ্রমিক স্বার্থবিরোধী ধারা বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

সর্বশেষ

জনপ্রিয়