০৪ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৪১, ৩ জুলাই ২০২৬

আপডেট: ২২:৫৫, ৩ জুলাই ২০২৬

বাসাবাড়ির ময়লা ফেলা কর্মীদের ১০০ টাকার বেশি দিবেন না: সিটি প্রশাসক সাখাওয়াত

বাসাবাড়ির ময়লা ফেলা কর্মীদের ১০০ টাকার বেশি দিবেন না: সিটি প্রশাসক সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান নগরবাসীকে বাসাবাড়ির বর্জ্য অপসারণের জন্য মাসিক ১০০ টাকার বেশি ফি পরিশোধ না করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে কোনো পরিচ্ছন্নতা কর্মী বা কেউ এর বেশি অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে প্রশাসককে জানানোর অনুরোধ করেছেন তিনি।

শুক্রবার (৩ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ একাউন্টে দেওয়া এক বার্তায় তিনি একথা জানান।

প্রশাসক বলেন, “নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সম্মানিত নাগরিকদের জানানো যাচ্ছে, বাসাবাড়ির ময়লা সংগ্রহকারী কর্মীদের ১০০ টাকার বেশি দেওয়া যাবে না। কোনো কর্মী ১০০ টাকার বেশি দাবি করলে বিষয়টি তাঁকে অবহিত করতে হবে।‌”

তিনি আরও বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঠিকাদারি সঙ্গে সঙ্গে বাতিল করা হবে।

নগরবাসীর কাছ থেকে নির্ধারিত ফি আদায়ের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসক।

প্রশাসকের এমন ঘোষণায় আশান্বিত হয়েছেন নগরবাসী। তাদের ভাষ্য, বাসাবাড়ির ময়লা নিয়ে তারা খুবই ভোগান্তি পোহান। এলাকাভেদে কোথাও কোথাও ১০০ থেকে ২০০ টাকা দিলেও পরিচ্ছন্ন কর্মী হিসেবে যারা ময়লা সংগ্রহ করেন তারা থাকেন অনিয়মিত।

অনেক সময় এক সপ্তাহে একবার এসে ময়লা সংগ্রহ করেন। যদিও প্রতিদিনই গৃহস্থালি তৈরি হয়। নিয়মিত ময়লা না নেওয়ায় ভোগান্তি পোহাতে হয় সিটির বাসিন্দাদের।

নগরীর পাইকপাড়া এলাকার একাধিক বাসিন্দা জানান, গত কয়েক মাস ধরে তাদের এলাকায় বাসাবাড়ির ময়লা নিয়মিত নেওয়া হচ্ছে না। গত অন্তত পাঁচদিন ধরে ময়লা নিচ্ছে না। এতে গৃহস্থালি বর্জ্য নিয়ে বিপাকে পড়েছেন বলেও জানান তারা। 

এ বিষয়ে সিটি কর্পোরেশনের পরিছন্নতা বিভাগের সংশ্লিষ্টদের নিয়মিত নজরদারিও দাবি জানান নগরবাসী।

সর্বশেষ

জনপ্রিয়