নগর সিটি পার্কের নিরাপত্তা নিয়ে দর্শনার্থীদের উদ্বেগ, সন্ধ্যায় বাড়ে আতঙ্ক
নারায়ণগঞ্জ শহরের সিটি পার্ক নগরবাসীর অবসর কাটানোর অন্যতম স্থান। বিশাল লেক, পদ্মপুকুর আর নানা প্রজাতির গাছের ছায়ায় ঘেরা মনোরম পরিবেশে প্রতিদিনই পরিবার-পরিজন ও শিশুদের নিয়ে ঘুরতে আসেন নানা বয়সী মানুষ। তবে দিনের স্বস্তিদায়ক পরিবেশ সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বদলে যায় বলে অভিযোগ দর্শনার্থীদের। তাঁদের দাবি, সন্ধ্যার পর পার্কে বহিরাগতদের উৎপাত, ইভটিজিং, ছিনতাই, চুরি ও মাদক সেবনের ঘটনা ঘটে। পর্যাপ্ত নিরাপত্তাকর্মী না থাকায় পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
নারায়ণগঞ্জের একটি বেসরকারি টেক্সটাইল মিলে কর্মরত মোহাম্মদ মাসুদ রানা সাপ্তাহিক ছুটির দিনে স্ত্রী ও দুই বছরের মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে এসেছেন। পার্কের পরিবেশ ভালো লাগলেও নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান তিনি।
মাসুদ রানা বলেন, “সবসময় ছুটির দিনে এখানে আসা হয়। গাছ-পালা, লেক, মনোরম পরিবেশ বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য জায়গাটা খুবই ভালো। কিন্তু সমস্যা হচ্ছে সন্ধ্যার পরে এই একই জায়গায় কোনো নিরাপত্তা থাকে না। বহিরাগত কিছু ছেলে-পেলে চলে আসে, ইভটিজিং, ছিনতাই হয়, ভিড়ের সুযোগে মোবাইল, টাকা-পয়সা চুরি হয়ে যাচ্ছে। পার্কের সিকিউরিটি ব্যবস্থা যদি আরও উন্নত করা যেত তাহলে জিনিসটা অনেক ভালো হতো।”
সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসেছেন গৃহিণী আছমা আক্তার। তিনি বলেন, “দূর হলেও জায়গাটা আমার এবং আমার পরিবারের ভালো লাগে। তাই ছুটি পেয়েই স্বামী, দুই মেয়ে ও ছেলেকে নিয়ে চলে এসেছি।”
তবে সন্ধ্যার পর পার্কে অবস্থান করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “না সন্ধ্যার আগেই পার্ক থেকে চলে যাবো। সন্ধ্যার পরের পরিবেশ আমাদের তেমন ভালো লাগে না।”
দেওভোগের স্থানীয় বাসিন্দা ইমন আহমেদ অভিযোগ করেন, পার্কের নির্জন অংশে একদল উচ্ছৃঙ্খল যুবক মাদক সেবন করে এবং দর্শনার্থীদের লক্ষ্য করে ছিনতাইয়ের ঘটনা ঘটায়।
তিনি বলেন, “আমরা স্থানীয় বাসিন্দা, প্রতিদিনই আমাদের পার্কে আসা হয়। কিন্তু প্রায় দেখা যায়, পার্কে উচ্ছৃঙ্খল পোলাপাইন চলে আসে, নেশাজাত দ্রব্য গ্রহণ করে যা পার্কের পরিবেশ নষ্ট করে। তারাই ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটায়। ওরা গ্রুপে থাকে, দর্শনার্থীদের চোখে চোখে রাখে। অন্ধকারের সুযোগ নিয়ে ঘিরে ধরে আর অপকর্ম করে। এসব কাজ পার্কের জিমখানার দিকটায় হয়। ওই অংশটা নির্জন এবং সহজেই দেয়াল টপকে পালিয়ে যেতে পারে।”
পার্কের পরিবেশ নিয়ে আরও কিছু অভিযোগ তুলে ধরে তিনি বলেন, এ ছাড়া পার্কে এসে অনেক যুগল সামাজিকতা ভুলে যায়। একটা পাবলিক প্লেসের কিছু সামাজিকতা আছে, তা মেনে চলতে হয়। পার্কে সব বয়সের, সব শ্রেণির মানুষের আনাগোনা, তাদের সামাজিকতা মেনে চলা উচিত।
পার্কে অন্তত পাঁচ থেকে ছয়জন নিরাপত্তাকর্মী থাকা প্রয়োজন বলে মনে করেন স্থানীয় বাসিন্দা মো. শাহাদাত কাজী।
তিনি বলেন, “পার্কে কোনো সিকিউরিটি গার্ডই নাই। কিছুসংখ্যক আনসার বা গার্ড যদি টহলে থাকতো তাহলে এসব করার সাহস কেউ করতো না। বর্তমানে পার্কের সিকিউরিটি বলতে দুইজন মানুষ যারা মেইন গেটেই বসে থাকে। আর বন্ধের সময় হলে বাঁশি বাজিয়ে দর্শনার্থীদের বের করে দেন। সবাই বের হওয়ার পরও দেখা যায়, অনেক কিশোর ছেলেপেলে পার্কের ভিতরে। অনেক নেশা করে, জুয়া খেলে, বিভিন্ন বা অকারেন্স ঘটনায়।”
পার্কের সরঞ্জাম চুরির অভিযোগ তুলে তিনি বলেন, “প্রায় দেখা যায় পার্কের লোহার বিভিন্ন জিনিস নাই হয়ে গেছে। কিছুদিন আগে দেখলাম এক পাশের বৈদ্যুতিক তার, বাতি চুরি হয়ে গেছে। পার্ক অন্ধকার থাকলে অপরাধ তো আরও বাড়বে।”
পার্কের বাইরের সড়কেও ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. নিহাম।
তিনি বলেন, “একদিন রাতে এশার নামাজ শেষ করে পার্কের ফুটপাত ধরে বাড়ি ফেরার সময় একটি ছিনতাইয়ের ঘটনা প্রত্যক্ষ করি। দু-তিনজন মিলে একজনকে থামিয়ে মোবাইল, মানিব্যাগ নিয়ে গেল। এভাবে একটি প্রতিষ্ঠান চলতে পারে না। আমি মনে করি, সিটি করপোরেশন জনবল, সিকিউরিটি গার্ড বৃদ্ধি করলে নিরাপত্তা নিশ্চিত হবে এবং এই যে সমস্যাগুলো আমরা ফেস করতেছি সেগুলো সমাধান হবে।”
এদিকে দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান পার্কটি আধুনিকায়ন ও নিরাপত্তা জোরদারের পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, “শিশু-কিশোর থেকে শুরু করে মহিলা এবং বয়স্কদের চিত্তবিনোদনের জন্য নারায়ণগঞ্জের কোনো ব্যবস্থা নেই। যেসব দর্শনীয় স্থান রয়েছে, সেগুলোও অকেজো অবস্থায় পড়ে রয়েছে। নারায়ণগঞ্জে ইতিপূর্বে সিটি পার্ক গঠন করা হয়েছে। সেখানে কিছু অসঙ্গতি রয়েছে, যার কারণে আমরা ইতিপূর্বে আমার ইঞ্জিনিয়ারিং বিভাগকে একটা প্রজেক্ট তৈরি করার জন্য নির্দেশনা দিয়েছি। এই পার্কটাকে সর্বপ্রথমে আমরা নিরাপত্তার চাদরে আনবো এবং এই জিমখানা ও সিটি পার্কের যে লেক দুটি আগে তা এক করে সেখানে একটা ব্রিজ নির্মাণ করা হবে।”
তিনি আরও বলেন, “আমরা ইতিপূর্বে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে নারায়ণগঞ্জের মানুষের চিত্তবিনোদনের জন্য এই পার্কটাকে একটি আধুনিক পার্ক হিসেবে গড়ে তুলবো। শিশুদের বিনোদনের জন্য পার্কে কিছু রাইডস বসানো হবে। লেকে নৌকার ব্যবস্থা করা হবে। এই পার্কটার মধ্যে যাতে কোনো নিরাপত্তাজনিত সমস্যা না হয়, সেইটার জন্য আমরা ব্যবস্থা নেব। আশা করি এটা বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জের মানুষের অন্ততপক্ষে কিছুটা হলেও চিত্তবিনোদনের ব্যবস্থা হবে।”





































