ফেরদাউসুরের ভাইরাল আপত্তিকর ভিডিও নিয়ে তদন্তে দল, অস্বীকার নেতার
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিও’র সত্যতা ও প্রেক্ষাপট অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সংগঠন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জেলা শাখার আহ্বায়ক কমিটির নির্বাহী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রেস নারায়ণগঞ্জকে জানিয়েছেন জেলা শাখার সদস্য সচিব মাসরুর আহমাদ ভূঁইয়া।
জেলা জমিয়তের যুগ্ম আহ্বায়ক মাওলানা তৈয়্যব আল-হসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। জেলা কমিটির সদস্য সচিব মাওলানা মাসরুর আহমাদ ভূঁইয়াকে প্রধান করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন যুগ্ম আহ্বায়ক মাওলানা তৈয়্যব আল-হসাইন ও সদস্য মাওলানা তাজুল ইসলাম আক্কাস।
কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সদস্য সচিবের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ভিডিওটির প্রেক্ষাপট, সংশ্লিষ্ট বিষয় ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে।
জেলা জমিয়তের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিডিওকে কেন্দ্র করে পূর্বানুমান বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এর আলোকে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিবেদন প্রকাশের আগে বিভ্রান্তিকর তথ্য, অপপ্রচার বা যাচাইবিহীন বক্তব্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, শুক্রবার বিকেল তিনটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মাওলানা ফেরদাউসুর রহমান। সেখানে তার বিরুদ্ধে ছড়িয়ে পড়া ভিডিওটিকে মিথ্যা অপপ্রচার দাবি করে তিনি নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফেরদাউসুর রহমান বলেন, “আমার রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষ আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য ভিডিওটি ভাইরাল করেছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা লক্ষ্য করে থাকবেন, বিভিন্ন সময়ে একটি বিশেষ মহল আমার বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালিয়ে আসছে।”
যদিও এ নিয়ে কোনো প্রশ্নের জবাব তিনি দেননি। প্রশ্ন করা হলে তিনি অপারগতা জানিয়ে বলেন, “আজকে আমি কোনো প্রশ্নের উত্তর দেবো না। লিখিত যতটুকু, এতটুকুই।”
গত বুধবার গোপনে ধারণ করা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমানের ‘আপত্তিকর’ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই ভিডিওতে জমিয়ত নেতার সঙ্গে এক নারীর উপস্থিতি দেখা গেলেও তার পরিচয় কিংবা ভিডিওটি কবে, কোথায় ধারণ করা হয়েছে তা জানা যায়নি। এ নিয়ে সংবাদ সম্মেলনেও কিছু পরিষ্কার করেননি ফেরদাউসুর রহমান।





































