১৩ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৫, ১২ নভেম্বর ২০২৬

যারা নীতিতে টিকে থাকতে পারেন, তারাই ভালো কিছু করতে পারেন: সোহেল

যারা নীতিতে টিকে থাকতে পারেন, তারাই ভালো কিছু করতে পারেন: সোহেল

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল বলেছেন, ‘যারা নীতিতে টিকে থাকতে পারেন, তারা একটা পর্যায়ে গিয়ে ভালো কিছু করে দেখাতে পারেন। প্রত্যেকটি বিষয়েরই ইতিবাচক ও নেতিবাচক দুটি দিক রয়েছে। তুলনামূলকভাবে ইতিবাচক দিকগুলো আমাদের গ্রহণ করতে হবে।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভবনে বহুমুখী পাটপণ্য বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে ২৮ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়।

মোরশেদ সারোয়ার সোহেল বলেন, ‘একসময় পাটকে সোনালি আঁশ বলা হতো। কিন্তু পর্যায়ক্রমে আধুনিকায়নের ধারায় আমরা পাটশিল্পকে হারিয়েছি। বর্তমানে আমরা পরিবেশবান্ধব পণ্যের ওপর গুরুত্ব দিচ্ছি। বিশেষ করে পরিবেশের কথা চিন্তা করে আমি আমার গার্মেন্টস কারখানাটি গ্রিন ফ্যাক্টরি হিসেবে গড়ে তুলেছি। পাটশিল্পকে এগিয়ে নিতে হবে। ব্যবসায়ীদের সহযোগিতায় আমরা সব সময় প্রস্তুত রয়েছি। উদ্যোক্তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধায় আমরা তাদের পাশে রয়েছি।’

তিনি বলেন, ‘পাট একটি পরিবেশবান্ধব পণ্য। আপনারা যারা প্রশিক্ষণ নিচ্ছেন, তারা সবাই সফলতা অর্জন করে সমাজে ভূমিকা রাখবেন, এটাই আমার প্রত্যাশা। আমরা পারিবারিক ঐতিহ্যগতভাবে ব্যবসা করে আসছি। আমার দাদা, বড় দাদা কিংবা তারও আগে থেকে আমাদের পরিবার ব্যবসার সঙ্গে জড়িত। যারা নতুন করে উদ্যোক্তা হিসেবে ব্যবসায় আসেন, তাদের প্রতি আমার আলাদা সহানুভূতি কাজ করে।’

ব্যবসায় নীতি ও আদর্শ ধরে রাখার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘চাকরিতে একটি সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমাবদ্ধতার মধ্যে নিজের মতো করে জীবন নির্বাহ করা যায় না। অনেক সময় চাকরির সীমাবদ্ধতার বাইরে গিয়ে কেউ কেউ দুর্নীতি বা অনিয়মে জড়িয়ে পড়েন। আসলে আমরা চাই না কেউ অনিয়মের পথে যাক। চারদিকে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যে, আপনি একা ভালো থাকবেন, কিন্তু চারপাশের সবাই যখন দুর্নীতি করতে থাকবে, তখন আপনি একা ভালো থাকতে গেলেও তা আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। এর মধ্যেও অনেকে দৃঢ়ভাবে নিজের নীতি ও আদর্শ ধরে রেখে ব্যবসায় টিকে থাকেন। যারা নীতিতে টিকে থাকতে পারেন, তারা একটা পর্যায়ে গিয়ে ভালো কিছু করে দেখাতে পারেন। প্রত্যেকটি বিষয়েরই ইতিবাচক ও নেতিবাচক দুটি দিক রয়েছে। তুলনামূলকভাবে ইতিবাচক দিকগুলো আমাদের গ্রহণ করতে হবে।’

নতুন উদ্যোক্তাদের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘নতুন উদ্যোক্তারা দেশকে এগিয়ে নেওয়ার জন্য একেকজন একটি বীজের মতো। এই বীজ থেকেই একদিন গাছ হবে, ফল দেবে এবং মানুষকে ছায়া দেবে। উদ্যোক্তারা দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যান। সার্টিফিকেট হচ্ছে একটি স্বীকৃতি। তবে আসল উদ্দেশ্য হলো প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলা এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করা।’

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি জাফর আহমেদ বলেন, ‘প্লাস্টিকসহ যেসব পণ্য পরিবেশের ক্ষতি করে, সেগুলো বর্জন করে বর্তমানে সারা বিশ্ব পরিবেশবান্ধব পণ্যের ওপর গুরুত্ব দিচ্ছে। পাটজাত পণ্যের জন্য সারা বিশ্বের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে গত বছরের তুলনায় বর্তমানে ২৫ শতাংশ বেশি পাটপণ্য রপ্তানি হচ্ছে। আমাদের দেশের বাজারেও এসব পণ্যের চাহিদা বাড়ছে। যারা বহুমুখী পাটপণ্য তৈরির প্রশিক্ষণ নিয়েছেন, তাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। এই প্রশিক্ষণ নিয়ে বসে না থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলবেন। আমার বিশ্বাস, যারা প্রশিক্ষণ নিয়েছেন, তারা সবাই ভালো করবেন। আমি সবার সফলতা কামনা করছি।’

এ সময় প্রশিক্ষণার্থীরা জানান, বহুমুখী পাটপণ্য তৈরির প্রশিক্ষণে তাঁরা প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেছেন। অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করায় এসএমই ফাউন্ডেশন ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক কাজী আশরাফুল হক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সর্বশেষ

জনপ্রিয়