০৭ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৬, ৭ নভেম্বর ২০২৬

সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেওয়াই প্রত্যাশা: ডিসি রায়হান কবির

সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেওয়াই প্রত্যাশা: ডিসি রায়হান কবির

জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেছেন, “আমরা সকলকে নিয়ে একটি সমৃদ্ধ, সুন্দর এবং সাবলীলভাবে যাতে আমাদের এই দেশটাকে পরিচালনা করতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা।”

শনিবার (৭ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক বলেন, “মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন একটা দিন নিয়ে আমরা কথা বলছি যেটি আমাদের জাতীয় রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়।”

১৯৭৫ সালের ঘটনাপ্রবাহের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “১৯৭৫ সালের পট পরিবর্তনের পর যখন রাষ্ট্র দিশাহীন ছিল, সেই সময়ে এমন একটা বিষয় বা এমন একজন শাসকের দরকার ছিল যে অত্যন্ত শক্ত হাতে দেশের হাল ধরতে পারবেন এবং পুরো জাতিকে একত্রিত করে উন্নয়নের পথে ধাবিত করতে পারবেন।”

৭ নভেম্বর সিপাহী ও জনতার ভূমিকা নিয়ে রায়হান কবির বলেন, “ওই দিন যে সমস্ত সিপাহী এবং জনতা এটি প্রতিহত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে তাকে যেভাবে এই দেশ পরিচালনায় সহায়তা করেছেন, তা এক কথায় অসাধারণ। সেটি কিন্তু আমাদের জাতীয় রাজনীতির গতিপথ আসলে পাল্টে দিয়েছে।”

রাষ্ট্রীয় দায়িত্বে থাকা ব্যক্তিদের মুক্তিযুদ্ধ, ৭ নভেম্বর ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের চেতনা ধারণ করে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক। নাগরিকদের অর্থনৈতিক সমৃদ্ধি, রাজনৈতিক চিন্তার বহিঃপ্রকাশ এবং ধর্মীয় ও সামাজিক জীবনে সংহতি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন তিনি।

জিয়াউর রহমানের আদর্শ প্রসঙ্গে তিনি বলেন, “তিনি কখনো ভেদাভেদ করেন নাই, তার জীবদ্দশায় আমরা যতটুকু দেখেছি, জেনেছি, তিনি সকলকে নিয়েই উন্নয়নের স্বপ্ন দেখেছেন। তিনি বহু দলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। এ ছাড়া জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়