০৭ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৯, ৭ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:২০, ৭ নভেম্বর ২০২৬

৭ নভেম্বর জিয়াউর রহমানের ইতিবাচক ভূমিকা ছিল: আবদুল জব্বার

৭ নভেম্বর জিয়াউর রহমানের ইতিবাচক ভূমিকা ছিল: আবদুল জব্বার

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিবাচক ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার।

শনিবার (৭ নভেম্বর) বাদ আসর মহানগর জামায়াতের কার্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মাওলানা আবদুল জব্বার বলেন, “১৯৭৫ সালে বিএনপি প্রতিষ্ঠিত না হলেও সে সময় সিপাহী-জনতার বিপ্লবে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি ইতিবাচক ভূমিকা ছিল। আমরা কোনো নির্দিষ্ট দলের না হলেও যার ভালো ভূমিকা ও নির্লোভ দেশপ্রেম রয়েছে, তাকে স্মরণ করা নৈতিক দায়িত্ব।”

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ভবিষ্যৎ বিনির্মাণে ঐতিহাসিক ঘটনা থেকে শিক্ষা নেওয়া জরুরি বলে উল্লেখ করেন তিনি। অতীতের অন্যায়, জুলুম ও দুঃশাসন থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্রপরিচালকদের দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানান।

১৯৭১ থেকে ১৯৭৫ সাল এবং পরবর্তী সময়ে নিরপরাধ মানুষ ও আলেম-ওলামাদের ওপর জুলুম-নির্যাতন চালানোর অভিযোগ করেন আবদুল জব্বার। বিভিন্ন পরিচয়ে চিহ্নিত করে নিরীহ মানুষকে হত্যা এবং বিগত সরকারের সময়ে জামায়াতের শীর্ষ নেতাদের ওপর অবিচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

১৯৭৫ সালের ৭ নভেম্বর ও ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে যে ঐতিহাসিক আওয়াজ তুলেছে, তা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে যারা দেশ পরিচালনা করবেন, তাদের সততা ও ন্যায়পরায়ণতার পথ বেছে নিতে হবে।”

তিনি আরও বলেন, “এ দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়। আল্লাহর রাসুলের (সা.) সুমহান আদর্শ এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজে প্রকৃত উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব।”

সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ, মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসিরসহ স্থানীয় নেতাকর্মীরা।

শেষে দেশের উন্নয়ন, কল্যাণ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গকারীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়