০৭ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫২, ৭ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:৫৩, ৭ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চা দোকানি নিহত

সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চা দোকানি নিহত
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়ির সামনের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠিসোঁটার আঘাতে মো. নাঈম খান (৬০) নামে এক চা দোকানি নিহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাঈম খান ওই এলাকার মৃত মঈন খানের ছেলে।

নিহতের স্বজনদের অভিযোগ, বাড়ির সামনের রাস্তার জায়গা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে নাঈম খানের বিরোধ চলছিল। শনিবার দুপুরে এ বিরোধের জেরে হোসেন, ইকবাল ও মায়াসহ তিন থেকে চারজন লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ৩টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ের জামাতা ইমরান জানান, রাস্তার জায়গা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের বিরোধ ছিল। ওই বিরোধের জেরেই তাঁর শ্বশুরের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ইমরান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে নাঈম খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়