০৭ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৪, ৭ নভেম্বর ২০২৬

চেম্বারের পর নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে আলোচনায় দিপু ভূঁইয়া

চেম্বারের পর নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে আলোচনায় দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পর এবার নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডেও আলোচনায় মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। নারায়ণগঞ্জ-১ আসনের এই সংসদ সদস্যকে এবারের সভাপতি পদে পছন্দের তালিকায় শীর্ষে রাখছেন অভিজাত ক্লাবটির সদস্যরা। তবে, সংসদ সদস্যের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বিএনপির নির্বাহী কমিটিরও সদস্য। রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-১ আসনটিতে ধানের শীষ প্রতীকে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন তিনি। পরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিরও সভাপতি হন দিপু ভূঁইয়া।

বিগত সময়ে রূপগঞ্জ উপজেলার বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকলেও চেম্বারের সভাপতি হওয়ার পর নারায়ণগঞ্জ শহরের রাজনীতিতেও তার বেশ প্রভাব তৈরি হয়েছে। ব্যবসায়ী পরিবার থেকে উঠে আসা এ বিএনপি নেতার বেশ গ্রহণযোগ্যতাও রয়েছে নারায়ণগঞ্জ ক্লাবের সদস্যদের মধ্যে।

ক্লাবের সদস্যদের মধ্যে আলোচনা রয়েছে, সরকারদলীয় এ সংসদ সদস্য ক্লাবের সভাপতি নির্বাচিত হলে ক্লাবের উন্নয়ন ও ব্যবস্থাপনা কার্যক্রম উন্নতি ঘটবে। তাকেই এখন পর্যন্ত পছন্দের তালিকায় শীর্ষে রাখছেন সদস্যরা।

বর্তমানে ক্লাবটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোলায়মান। তিনি এর আগেও এ ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন। গত দুই বছর টানা তিনি সভাপতি পদে বিজয়ী হয়েছেন।

এছাড়া, সভাপতি পদে আলোচনায় আছেন বাংলাদেশ রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ জুয়েল, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু, বিএনপিমনা সাংস্কৃতিক সংগঠন জাসাস’র জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক আনিসুল ইসলাম সানিও।

আগামী ২১ ডিসেম্বর এ ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন শিক্ষানুরাগী কাশেম জামাল।

নারায়ণগঞ্জ ক্লাবের ওয়েবসাইট থেকে জানা যায়, ভারতীয় উপমহাদেশে ইংরেজদের উপনিবেশিক শাসনের সময় ১৮৯৩ সালে বিনোদনের লক্ষে এ ক্লাবের প্রতিষ্ঠা হয়। তখন এই ক্লাবের নাম ছিল ‘ইউরোপিয়ান ক্লাব’। ১৯৪৭ সালে এই ক্লাবের নাম হয় ‘নারায়ণগঞ্জ ক্লাব’।

শতবর্ষী এ ক্লাবটিতে হাজারের উপর সদস্য থাকলেও ১১ সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়। নির্বাচনের মধ্য দিয়ে একজন সভাপতি, একজন জ্যেষ্ঠ সহসভাপতি ও একজন সহসভাপতি নির্বাচিত হন। এর বাইরে আরো ৮ জন পরিচালক নির্বাচিত হন।

সর্বশেষ

জনপ্রিয়