হারিয়ে যাওয়া শিশুকে চার ঘণ্টার চেষ্টায় পরিবারের কাছে ফিরিয়ে দিল প্রশাসন
নারায়ণগঞ্জে হারিয়ে যাওয়া চার বছর বয়সী শিশু আবদুল্লাহকে চার ঘণ্টার চেষ্টায় খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে সদর উপজেলা প্রশাসন। একই সঙ্গে শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও শুকনো খাবার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের উদ্যোগে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে বাসা থেকে নিখোঁজ হয় শিশু আবদুল্লাহ। সকাল ১০টার দিকে গাবতলী মোড় এলাকায় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে আহত হয় সে। এ সময় অটোরিকশাচালক শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
চিকিৎসা শেষে শিশুটিকে নিয়ে এলাকায় ফিরে পরিবারের সন্ধান করতে থাকেন ওই চালক। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও স্বজনদের সন্ধান না পেয়ে শিশুটিকে নিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে যান তিনি।
বিষয়টি জানতে পেরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন শিশুটির পরিবারের সন্ধানে উদ্যোগ নেন। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সহযোগিতায় প্রায় চার ঘণ্টার চেষ্টায় ফতুল্লার লালখা ও কুতুবপুর এলাকায় শিশুটির পরিবারের সন্ধান পাওয়া যায়।
পরে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আবদুল্লাহর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও শুকনো খাবার দেওয়া হয়।
হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন শিশুটির পরিবারের সদস্যরা।





































