আখেরি মুনাজাতে শেষ হলো খানকায়ে শরীফ কাদরিয়ার ১১ দিনব্যাপী ওরশ
নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলগেট সংলগ্ন খানকায়ে শরীফ কাদরিয়ায় হযরত খাজা শাহ মো. আবদুস সাত্তার খান কাদরী ওয়াল চিশতী (রহ.)-এর মাজারে আয়োজিত ১১ দিনব্যাপী বার্ষিক ওরশ মোবারক আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাত ১০টায় আখেরি মুনাজাত পরিচালনা করেন খানকায়ে শরীফ কাদরিয়ার বর্তমান গদ্দিনশীন পীর আলহাজ খাজা শাহ মো. সুলতান খাঁন কাদরী ওয়াল চিশতী।
মাহবুবে ছোবহানী, কুতুবে রাব্বানী, গাউছুল আজম হযরত বড় পীর দস্তগীর শেখ মহিউদ্দিন আবদুল কাদির জিলানী (রহ.)-এর স্মরণে আয়োজিত ৬৪তম এ ওরশে প্রতিদিন পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ, ফাতেহা, জিকির-আজকার, কাওয়ালি, বাউল সংগীত ও দোয়ার আয়োজন করা হয়।
ওরশ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক ভক্ত, মুরিদান ও আশেকে রাসুল খানকায়ে শরীফে সমবেত হন। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে শেষ রজনীতেও দরবার প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শেষ দিনের আয়োজনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি আলহাজ এম. সোলায়মানসহ প্রমুখ।

এছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব হাজী নুর আলম, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক ভক্ত ও মুরিদান উপস্থিত ছিলেন।
রাতে বাংলাদেশের প্রখ্যাত কাওয়াল মো. নাদিম কাওয়াল ও তার দল কাওয়ালি পরিবেশন করেন।
ওরশের প্রচারণা ও মেহমানদারির দায়িত্বে ছিলেন পীরজাদা মো. সাদী খাঁন কাদরী ওয়াল চিশতী। সার্বিক তদারকিতে ছিলেন হযরত সাত্তার শাহ মুরিদ মাজার উন্নয়ন কমিটির সভাপতি ও ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র সহ-সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, এফ কে মোহাম্মদ এমদাদ খান রিংকু, মো. মোমেন আহমেদ মমিন, ভাসকর ও হাজী মহিউদ্দিন মাহী।
এছাড়া নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা এবং ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওরশে অংশ নেন।





































