০৪ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৬, ৩ অক্টোবর ২০২৬

মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম

মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম

শিশু-কিশোরদের বইমুখী করতে প্রতিটি মহল্লা ও ঘরে ঘরে বই পড়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন (এনজিএ) ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

শনিবার (৩ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া এলাকায় সুখবাস রওশন প্যালেস সোসাইটির ছাদের একটি কক্ষে ‘এনজিএ স্টাডি সার্কেল’-এর সুখবাস ইউনিট উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

মোহাম্মদ হাতেম বলেন, ‘শিশুদের মধ্যে মানবিক গুণাবলি তৈরি করতে বই পড়ার কোনো বিকল্প নেই। সুখবাস ইউনিটে এমন একটি উদ্যোগ নেওয়ায় তাদের ধন্যবাদ জানাই।’

তিনি বলেন, শুধু শিশুদের হাতে বই তুলে দিলেই হবে না, তাদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাসও গড়ে তুলতে হবে। বই পড়ার পর শিশুদের নিয়ে কুইজ বা পরীক্ষার আয়োজন করা যেতে পারে। যারা ভালো করবে, তাদের পুরস্কৃত করা হলে বই পড়ার প্রতি শিশুদের আগ্রহ আরও বাড়বে।

মোহাম্মদ হাতেম বলেন, ছোট বয়সে বই পড়ে অর্জিত জ্ঞান ও মূল্যবোধ শিশুদের মনে দীর্ঘদিন গেঁথে থাকে। সেই শিক্ষা তারা সারা জীবন বহন করতে পারে। তাই প্রতিটি মহল্লা ও ঘরে ঘরে, বিশেষ করে তরুণ প্রজন্মকে বই পড়ার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

স্টাডি সার্কেলে শিশুদের উপযোগী বই রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘শিশুদের আকৃষ্ট করার মতো ভালো বই এখানে রাখতে হবে। শুরুতে সহজ ও আকর্ষণীয় বইয়ের মাধ্যমে তাদের পড়ার অভ্যাস তৈরি করতে হবে। পরে ধীরে ধীরে বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ তৈরি করা যেতে পারে।’

বই পড়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি শিশু-কিশোরদের মধ্যে জ্ঞান, কল্পনাশক্তি ও মানবিক মূল্যবোধ বিকাশের লক্ষ্য নিয়ে সুখবাস ইউনিটে এনজিএ স্টাডি সার্কেলের যাত্রা শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সুখবাস রওশন প্যালেস সোসাইটির সভাপতি মোহাম্মদ বখতিয়ার সভাপতিত্ব করেন।

এ সময় বক্তব্য দেন নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন (এনজিএ) ও সুখবাস রওশন প্যালেস মিশনপাড়ার সাধারণ সম্পাদক মঈন আহসান, সহসভাপতি ও নারায়ণগঞ্জ কলেজের ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি অ্যাডভোকেট নবী হোসেন, সুখবাস সোসাইটির সহসভাপতি নাদিম আলম ও নুরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়