১৫ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৭, ১৫ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই, থাকবে ৭৫০ পুলিশ: এসপি

দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই, থাকবে ৭৫০ পুলিশ: এসপি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, এবার নারায়ণগঞ্জে ২৩৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপে জেনারেটর, সিসিটিভি ও স্বেচ্ছাসেবক রাখার জন্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

পুলিশ সুপার জানান, গত বছর ৭০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করলেও এবার সাদা পোশাক ও ইউনিফর্মে ৭৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। চুরি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন ঠেকাতে থাকবে বিশেষ টহল টিম। প্রতিমা তৈরি ও স্থানান্তরের সময় মোবাইল টিমের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই। পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি নারায়ণগঞ্জ জেলার সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি বিষ্ণু পদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, তিলোত্তমা দাস, বলদেব জিউর মন্দিরের সভাপতি জয় কে চৌধুরী বাপ্পিসহ নেতৃবৃন্দরা।

সর্বশেষ

জনপ্রিয়