জুলাই স্মৃতি জাদুঘরে স্থান পেল জুলাইযোদ্ধা সৌরভ ভূঁইয়ার ছবি
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট নারায়ণগঞ্জের চাষাড়ায় মানুষের আনন্দ-উদযাপনের একটি আবেগঘন মুহূর্ত স্থান পেয়েছে জুলাই স্মৃতি জাদুঘরের সংগ্রহে। ছবিটি ধারণ করেছেন নারায়ণগঞ্জের ফ্রিল্যান্স ফটোগ্রাফার ও জুলাইযোদ্ধা সৌরভ ভূঁইয়া।
ওই দিন বিকেলে চাষাড়ার রাজপথে মানুষের উচ্ছ্বাসের মধ্যেই কান্নারত দুই ব্যক্তির আলিঙ্গনের দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন সৌরভ। পরে ছবিটি জুলাই-আগস্টের আন্দোলনের স্মরণীয় দৃশ্যগুলোর একটি হিসেবে স্থান করে নেয়।
সৌরভ ভূঁইয়া জানান, আন্দোলনের বিভিন্ন পর্যায়ে রাজপথের মিছিল, প্রতিবাদ, সংঘাত এবং সাধারণ মানুষের আবেগের নানা মুহূর্ত তিনি ক্যামেরায় ধারণ করেছেন। চাষাড়ার ছবিটি তাঁর কাছে ৫ আগস্টের মানুষের আবেগ ও অনুভূতির একটি গুরুত্বপূর্ণ দলিল।
জুলাই স্মৃতি জাদুঘরের সংগ্রহে ছবিটি সংরক্ষিত হওয়ায় নারায়ণগঞ্জের চাষাড়ায় ধারণ করা সেই মুহূর্ত এখন জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতির অংশ হয়ে উঠেছে।





































