সিদ্ধিরগঞ্জে ১৮ মাদকসেবী আটক, সামারি ট্রায়ালে সাজা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৮ জন মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সামারি ট্রায়ালে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার ৫ নম্বর ওয়ার্ডের সাইলো গেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ১৮ জন মাদকসেবীকে আটক করা হয়।
পরে তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে ৯ জনকে ২০ দিন করে, ৬ জনকে ১৫ দিন করে এবং ৩ জনকে ১০ দিন করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন মো. রাসেল (২৯), শাহিন মিয়া (৪০), ইয়াছিন (১৯), হাবিবুল্লাহ (২৩), সোহেল (২৮), অনিক (২৫), উজ্জল মিয়া (২৭), মো. মেহেদী হাসান (২৬), সুজন মিয়া (২৫), রাসেল হাওলাদার, আমিনুল ইসলাম (২৮), জালাল মিয়া (৩০), জাকারুল ইসলাম (২৬), রাজিবুল (২৪), মো. মেরাজ মিয়া (২৪), শাহিন মিয়া (২৬), মো. জাকিরুল ইসলাম (২৫) ও বিল্লাল হোসেন (৪৮)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান ও সামারি ট্রায়াল কার্যক্রমও অব্যাহত থাকবে।





































