১০ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৬, ১০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২১:১৭, ১০ সেপ্টেম্বর ২০২৬

সাবেক নারী কাউন্সিলরকে ‘আওয়ামী লীগের দোসর’ বলে পুলিশে দেওয়ার হুমকি ছাত্রদল নেতার

সাবেক নারী কাউন্সিলরকে ‘আওয়ামী লীগের দোসর’ বলে পুলিশে দেওয়ার হুমকি ছাত্রদল নেতার

‘আপনি আওয়ামী লীগের দোসর, এখন ওসিকে কল দিয়ে আপনাকে ধরিয়ে দিব’ এমন বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৫ নম্বর ওয়ার্ডের সচিব ও ছাত্রদল নেতা রোমান হোসেনকে সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর সানিয়া সাউদকে উদ্দেশ্য করে এ কথা বলতে শোনা যায়।

বৃহস্পতিবার সকালে বন্দরের লক্ষণখোলা এলাকায় সানিয়া সাউদের বাড়িতে গিয়ে রোমান হোসেন এ কথা বলেন বলে অভিযোগ করেছেন সাবেক এই নারী কাউন্সিলর। একই সঙ্গে তার বাড়িতে হামলার অভিযোগও করেছেন তিনি।

সানিয়া সাউদের অভিযোগ, রোমান হোসেন কয়েকজনকে সঙ্গে নিয়ে তার বাড়িতে এসে তাকে হেনস্তা ও হামলা করেন। স্থানীয়দের ন্যায্যমূল্যে খাদ্যপণ্য সরবরাহের উদ্দেশ্যে ‘ট্রিওক্সিন’ নামের একটি কোম্পানির ডিলারশিপ নেওয়ার জন্য তিনি নিবন্ধনের কাজ করছিলেন। এ সময় রোমান তার বাড়িতে এসে কাগজপত্র তার কাছে জমা দিতে বলেন এবং এলাকায় এ ধরনের কার্যক্রম চলবে না বলে জানান। এ কাজ করতে হলে তাকে ৫ লাখ টাকা দিতে হবে বলেও রোমান জানান বলে অভিযোগ করেন সানিয়া।

তবে সানিয়ার এসব অভিযোগ অস্বীকার করেছেন রোমান হোসেন। তিনি বলেন, ‘আমি এই ওয়ার্ডের সচিব। স্থানীয়রা বেশ কিছুদিন ধরে আমাকে জানাচ্ছিলেন, সাবেক কাউন্সিলর সানিয়া ফ্যামিলি কার্ডের নাম করে জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন। আমার বাড়ি তার বাড়ির পাশাপাশি হওয়ায় বিষয়টি জানতে আমি তার বাসায় যাই।’

রোমান আরও বলেন, ‘আমি তার বাসায় গেলে তিনি ক্ষিপ্ত হয়ে আমার মোবাইল ফোন কেড়ে নেন। এ সময় তার সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। পরে তিনি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সেটি ফেসবুকে ছড়িয়ে দেন। পরবর্তীতে আমার মাকেও মারধর করা হয়েছে।’

এ ঘটনায় রোমান হোসেন বন্দর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান তিনি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, বিষয়টি তিনি বিভিন্ন মাধ্যমে ইতোমধ্যে জেনেছেন। সানিয়া সাউদের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে সকালে রোমান থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়