রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে অপহরণ, মূলহোতাসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনলাইনে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে ১০ যুবককে অপহরণ করে একটি বাসায় আটকে রাখার অভিযোগে অপহরণ চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় জিম্মিদশা থেকে ১০ ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রূপগঞ্জ থানার রূপসী কলাবাগান এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সিরাজুল ইসলাম (২৯) ও অমিত হাসান (২৩)। র্যাবের দাবি, সিরাজুল ইসলাম ওই চক্রের মূলহোতা।
র্যাব জানায়, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘যেকোনো শপিংমলে সেলসম্যান’ পদে চাকরির আকর্ষণীয় বিজ্ঞাপন দেওয়া হয়। বিজ্ঞাপন দেখে ১০ যুবককে রূপগঞ্জের উত্তর রূপসী (কলাবাগান) এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে চাকরি হয়েছে জানিয়ে প্রত্যেকের কাছ থেকে প্রসেসিং ফি বাবদ ৭ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা নেওয়া হয়।
পরে চাকরি না দিয়ে ওই ১০ যুবককে বাসাটিতে ৩ থেকে ৪ দিন আটকে রাখা হয় বলে জানায় র্যাব। এ সময় তাদের খাবার ও পানি না দেওয়ার পাশাপাশি চলে যেতে চাইলে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ভিকটিমদের উদ্ধারে র্যাব-১১, সিপিএসসি ও রূপগঞ্জ থানা পুলিশের যৌথ দল অভিযান চালায়। অভিযানে দুইজনকে গ্রেপ্তার ও ১০ যুবককে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।





































