১০ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৩৮, ১০ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে ট্রাকের চাপায় মুফতি নিহত, চালক আটক

সোনারগাঁয়ে ট্রাকের চাপায় মুফতি নিহত, চালক আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে ট্রাকের চাপায় হাফেজ মাওলানা মুফতি আল জাহিদ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুফতি আল জাহিদ কুমিল্লার বুড়িচং থানার নয়াকামতা গ্রামের মো. শাহ-আলম মিয়ার একমাত্র ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বুধবার সোনারগাঁয়ের কাবিলগঞ্জ এলাকার একটি মাদ্রাসায় আয়োজিত ইসলামিক জলসায় অতিথি হিসেবে অংশ নেন মুফতি জাহিদ। অনুষ্ঠান শেষ হতে গভীর রাত হওয়ায় তিনি মাদ্রাসাতেই রাতযাপন করেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মোটরসাইকেল নিয়ে কুমিল্লার নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথে পিরোজপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে মহাসড়কে পড়ে গেলে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিচয় নিশ্চিত করেন তার শ্বশুর। এ সময় স্বজনদের আহাজারিতে ঘটনাস্থলে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

নিহতের শ্বশুর বলেন, ‘আমার মেয়ের জামাই গতকাল প্রোগ্রামে এসেছিল। সকালে মাদ্রাসা কর্তৃপক্ষ ফোন দিয়ে এই মর্মান্তিক খবর জানায়। আমার চার বছরের একটি নাতনি আছে, আর মেয়েটি বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। এই অবুঝ শিশু আর অন্তঃসত্ত্বা মেয়েকে নিয়ে আমি এখন কোথায় দাঁড়াব? আমি এই দুর্ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট কাজল কান্তি নাথ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মেঘনা টোল প্লাজা এলাকা থেকে ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়।

তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়