০৮ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩১, ৮ সেপ্টেম্বর ২০২৬

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য খাসজমি বরাদ্দের উদ্যোগ: ডিসি

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য খাসজমি বরাদ্দের উদ্যোগ: ডিসি

সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সার্বিক বিকাশ ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকারি খাসজমি বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের শায়েস্তা খান রোডে সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুল মিলনায়তনে ‘হিউম্যানিটি ফার্স্ট’ ও ‘সুইড নারায়ণগঞ্জ শাখা’র যৌথ উদ্যোগে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

জেলা প্রশাসক বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত অবকাঠামো ও সুযোগ-সুবিধা প্রয়োজন। স্থায়ী জমির ব্যবস্থা করতে সরকারের উপযুক্ত খাসজমি বাছাই করে প্রস্তাব পাঠানো হবে। প্রয়োজন হলে সংসদ সদস্যের মাধ্যমে দ্রুত অনুমোদনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, অবকাঠামো বা নতুন ভবন নির্মাণ সময়সাপেক্ষ। তাই এর পাশাপাশি শিশুদের বেশি সময় দেওয়া, শিক্ষক ও অভিভাবকদের নিবিড় পরিচর্যা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করাও গুরুত্বপূর্ণ।

শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে মো. রায়হান কবির বলেন, স্থায়ী জমি ও অবকাঠামো পাওয়ার পর প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করতে সমাজের দানশীল ও শিক্ষানুরাগী ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। জনপ্রতিনিধি, প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো একসঙ্গে কাজ করলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সুন্দর ও টেকসই ভবিষ্যৎ তৈরি করা সম্ভব।

সুইড নারায়ণগঞ্জ শাখার সভাপতি আফরোজা শাহনেওয়াজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাহবুবুর রহমান মাসুম, সুইড বাংলাদেশের মেন্টর জওয়াহেরুল ইসলাম মামুন ও মহাসচিব মাহবুবুল মনির। সম্মানিত অতিথি ছিলেন হিউম্যানিটি ফার্স্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইউনূস আলী, হিউম্যানিটি ফার্স্ট নারায়ণগঞ্জ শাখার সভাপতি ফজল মাহমুদসহ সংগঠনের উপদেষ্টা ও স্থানীয় ব্যক্তিরা।

সর্বশেষ

জনপ্রিয়