কায়েতপাড়ায় গোলজার হোসেনের গণসংযোগ ও উঠান বৈঠক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. গোলজার হোসেন।
শুক্রবার (১৬ অক্টোবর) বাদ জুমা নগরপাড়া বাজার এলাকায় ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফরিদ উদ্দিন আহমেদ। স্থানীয় ভোটার, গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে গোলজার হোসেন বলেন, ‘চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে এলাকার মানুষের দাবি-দাওয়া ও প্রয়োজন সম্পর্কে আমি অবগত। আপনারা আমাকে পুনরায় নির্বাচিত করলে আধুনিক ও নিরাপদ কায়েতপাড়া গড়ে তুলতে কাজ করব।’
সভায় স্থানীয় বাসিন্দা সুনীল দাস ও সবিতা রানী দাস এলাকার উন্নয়ন, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে তাঁদের প্রত্যাশা তুলে ধরেন। তাঁরা গোলজার হোসেনের চেয়ারম্যান থাকাকালীন বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং তাঁকে আবারও ইউনিয়নের নেতৃত্বে দেখার আগ্রহ জানান।
এর আগে সকালে চনপাড়া এলাকায় স্থানীয় প্রবীণ ও তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন গোলজার হোসেন।





































