বন্দরে বিশেষ অভিযানে দুই মামলার চার আসামিসহ ১৫ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের বিশেষ অভিযানে হত্যা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের দুটি মামলার এজাহারভুক্ত চার আসামিসহ ১৫ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে নারায়ণগঞ্জ সদর থানার শুকুমপট্টি এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাদ্দাম হোসেন (৩৩) ও তায়েম হাবিব ওরফে হাবিব তায়েমকে (২৪) গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ।
একই দিন রাত সাড়ে ১০টার দিকে বন্দরের আমিন আবাসিক এলাকার একটি বাড়ি থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারভুক্ত আসামি আইরিন আক্তার (৩০) ও তাঁর ভাই আব্দুর রহমান ওরফে আব্দুলকে (২০) গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি অমিত হাসানকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, অভিযানে মাদক সেবনরত অবস্থায় আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।





































