আড়াইহাজারের বালিয়াপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ইলিয়াস
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ঐতিহ্যবাহী বালিয়াপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস আহমেদ ইফাজ।
রোববার (১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা বিদ্যালয়টির এডহক কমিটির অনুমোদন দেয়।
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা অনুযায়ী, অনুমোদনের তারিখ থেকে ছয় মাসের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখার অনুমোদনপত্র অনুযায়ী, কমিটির সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মো. হেদায়েত উল্লা মোল্লা এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মো. রফিকুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
ইলিয়াস আহমেদ বলেন, “এটি আমার জন্য সম্মানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বালিয়াপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজকে আরও এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা কামনা করছি।”





































