খেলাফত মজলিসের দাওয়াতের মাসের শুরু
দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার লক্ষে গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান নিয়ে নারায়ণগঞ্জে ‘দাওয়াত ও গণসংযোগ মাস’ শুরু করেছে খেলাফত মজলিস। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (১ নভেম্বর) বিকেলে মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন ও লিফলেট বিতরণ করা হয়।
বিকেল সাড়ে চারটায় শহরের চাষাঢ়ায় বাগ-এ-জান্নাত জামে মসজিদের সামনে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহসভাপতি অধ্যাপক শাহ আলম, মহানগর সহসাধারণ সম্পাদক ও সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহসাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল, মুফতি আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সদর থানা সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন সিকদার, বন্দর থানা পশ্চিম শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-মামুন এবং মহানগর প্রচার সম্পাদক মুফতি তৌফিক বিন হারিছসহ অন্য নেতারা।
কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের কাছে সংগঠনের দাওয়াতি কার্যক্রম, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শ তুলে ধরতে লিফলেট বিতরণ শুরু করা হয়।
এ কর্মসূচির মাধ্যমে নগরবাসীর কাছে ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দাওয়াত পৌঁছে দেওয়া এবং জনসম্পৃক্ততা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতাকর্মীরা।





































