০২ নভেম্বর ২০২৬

প্রকাশিত: ১৮:৩৪, ১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:৩৪, ১ নভেম্বর ২০২৬

শান্তিপূর্ণ রাষ্ট্রের জন্য শরিয়ার পক্ষে আসতে হবে: ইসলামী আন্দোলন নেতা

শান্তিপূর্ণ রাষ্ট্রের জন্য শরিয়ার পক্ষে আসতে হবে: ইসলামী আন্দোলন নেতা

শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে ইসলামী শরিয়ার পক্ষে আসতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম।

তিনি বলেছেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এলেও দেশের মানুষকে শান্তিময় ও সমৃদ্ধশালী রাষ্ট্র উপহার দিতে পারেনি। নারায়ণগঞ্জে চাঁদাবাজি, খুনোখুনি এবং দেশের অর্থ বিদেশে পাচারের মতো ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি।

রোববার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত দাওয়াতি মাসের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আরিফুল ইসলাম বলেন, হজরত পীর সাহেব চরমোনাই ১ থেকে ৩০ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসব্যাপী দাওয়াতি কার্যক্রমের ঘোষণা দিয়েছেন। এ কর্মসূচির অংশ হিসেবে জাতি-ধর্ম নির্বিশেষে সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে নারায়ণগঞ্জে এ সভার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, “ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য হোন।”

দেশের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে অনেকেই নানা আশ্বাস ও স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু দেশের মানুষের জন্য শান্তিময় ও সমৃদ্ধশালী রাষ্ট্র গড়ে তুলতে হলে ইসলামী শরিয়ার পক্ষে আসতে হবে।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগর শাখার সহসভাপতি মাসুম বিল্লাহ বলেন, নভেম্বর মাসজুড়ে দাওয়াতি কার্যক্রম চলবে। ইতোমধ্যে অনেক ভাইবোন সংগঠনের সদস্য হয়েছেন। নতুন সদস্যদের অভিনন্দন জানান তিনি।

তিনি বলেন, সমাজকে শান্তিময়, সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজিমুক্ত করতে এবং সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় ইসলামী শাসনের বিকল্প নেই। নিজের ও পরিবারের জানমাল এবং নারীদের মর্যাদা রক্ষায় সবাইকে ইসলামী শরিয়ার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

মহানগর শাখার সভাপতি মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নগর সহসভাপতি সফিকুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ সুলতান মুহাম্মদ, যুগ্ম সম্পাদক আলহাজ আমান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল এবং সহপ্রচার ও দাওয়াহ সম্পাদক মোহাম্মদ বিলাল খানসহ অন্য নেতারা।

সর্বশেষ

জনপ্রিয়