০২ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৫, ১ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:০৬, ১ নভেম্বর ২০২৬

স্মৃতির টানে ফিরবেন তোলারামের প্রাক্তন শিক্ষার্থীরা, পুনর্মিলনী ২৮ নভেম্বর

স্মৃতির টানে ফিরবেন তোলারামের প্রাক্তন শিক্ষার্থীরা, পুনর্মিলনী ২৮ নভেম্বর

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৮ নভেম্বর বর্ণাঢ্য পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। নগরীর ইসদাইরে ওসমানী পৌর স্টেডিয়ামে এ অনুষ্ঠানে কলেজের বিভিন্ন সময়ের সাবেক শিক্ষার্থীরা একত্রিত হবেন। কলেজের ইতিহাসে প্রথমবারের মতো এত বড় পরিসরে এ আয়োজন ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। 

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আয়োজক কমিটির সদস্যরা এসব তথ্য জানান। 

সভা শেষে আয়োজক কমিটির আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেন, সরকারি তোলারাম কলেজ প্রতিষ্ঠার পর এবারই প্রথম প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এত বড় পরিসরে পুনর্মিলনীর আয়োজন করা হচ্ছে। সাবেক শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে আয়োজক কমিটি কাজ করছে। এ আয়োজন বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

রাজীব আরও বলেন, অনুষ্ঠান সফল করতে সবার সহযোগিতা, দোয়া ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। বিশেষ করে তোলারাম কলেজের সাবেক শিক্ষার্থী সাংবাদিকদের নিজ নিজ অবস্থান থেকে এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানটি সম্পূর্ণ রাজনৈতিকমুক্ত রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ ও আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সদস্য ডা. মো. জাহাঙ্গীর আলম, ফজলুল হক রুমন রেজা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সহসভাপতি বিল্লাল হোসেন রবিন এবং কমিটির সদস্য মাহবুব আলম, মশিউর রহমান ও কবির হোসেন। 

পুনর্মিলনী সামনে রেখে প্রচার-প্রচারণারও বিশেষ পরিকল্পনা নিয়েছেন আয়োজকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পাশাপাশি নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৫০টি ব্যানার স্থাপনের পরিকল্পনা রয়েছে তাঁদের। 

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে কয়েক দফা সভা হয়েছে। গত ৫ অক্টোবর নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় আয়োজনের প্রাথমিক প্রস্তুতি এবং বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। ওই সভায় কলেজের সাবেক শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামকে আয়োজনের প্রধান উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কলেজের সাবেক ভিপি মাশুকুল ইসলাম রাজীবকে আহ্বায়ক করা হয়। 

পরে ১১ অক্টোবর আয়োজক কমিটির সভায় পুনর্মিলনীর তারিখ ২৮ নভেম্বর নির্ধারণ করা হয়। একই সঙ্গে নিবন্ধনের শেষ সময় ১০ নভেম্বর ঘোষণা করা হয়। 

আয়োজকদের পরিকল্পনায় বিভিন্ন সময়ের শিক্ষার্থীদের একত্রিত করে স্মৃতিচারণ, বন্ধুত্বের পুনর্মিলন এবং প্রজন্মের মধ্যে যোগাযোগের সুযোগ তৈরির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। 

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পুনর্মিলনীতে অংশ নিতে আগ্রহী সরকারি তোলারাম কলেজের সব প্রাক্তন শিক্ষার্থীকে আগামী ১০ নভেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়