আগামী বছর আমলাপাড়ার পূজা মাঠে আয়োজনের আহ্বান প্রশাসক সাখাওয়াতের
নারায়ণগঞ্জের শত বছরেরও বেশি পুরোনো ঐতিহ্যবাহী আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপের আয়োজন আগামী বছর সড়কের উপর না করে মাঠে করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।
সাখাওয়াত হোসেন খান বলেন, “আমাদের প্রধান অতিথি, যাঁকে আমরা নারায়ণগঞ্জের মানুষ হিসেবে সব সময় ভাবি। নারায়ণগঞ্জের প্রতি অত্যন্ত আগ্রহের কারণে তিনি প্রথমেই এখানে এসেছেন।”
আমলাপাড়া পূজামণ্ডপের আয়োজকদের উদ্দেশে নাসিক প্রশাসক বলেন, “একটি কথা আমি ইতিপূর্বে প্রবীর দাকে বলেছি। যেহেতু আমাদের মাননীয় মন্ত্রী আবদুল মঈন খান এখানে এসেছেন, তিনি গত বছরও এসেছেন, এবারও এসেছেন। সুতরাং এখানে আর করা যাবে না। আমরা মাঠ দেব। সেই মাঠের মধ্যে পূজার আয়োজন করবেন।”
আগামী বছরও মন্ত্রী যেন পূজার অনুষ্ঠানে যোগ দিতে পারেন, সেই প্রত্যাশা জানিয়ে সাখাওয়াত বলেন, “আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করবেন, যেন আমাদের মন্ত্রী আগামী বছরও বেঁচে থাকেন এবং তিনি মাঠের মধ্যে এসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। তিনি যেন এই জাতিকে তাঁর সেবা দিয়ে যেতে পারেন, সেই প্রত্যাশা করছি।”
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা এবং সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত প্রমুখ।





































