০১ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৮, ৩১ অক্টোবর ২০২৬

রাতে খাবার খেয়ে ঘুমাতে যান তরুণী, দুপুরে মিলল ঝুলন্ত লাশ

রাতে খাবার খেয়ে ঘুমাতে যান তরুণী, দুপুরে মিলল ঝুলন্ত লাশ

নারায়ণগঞ্জের বন্দরে ভাড়া বাসার একটি কক্ষ থেকে সাবিকুন্নাহার নামে ২০ বছরের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বন্দর লেজারার্স এলাকার ২ নম্বর গলির ইসমাইলের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাবিকুন্নাহার কুমিল্লার মেঘনা থানার বাহুরখোলা এলাকার মৃত মফিজ উদ্দিনের মেয়ে। স্বামী প্রবাসে থাকায় তিনি বড় বোনের সঙ্গে ওই বাড়িতে ভাড়া থাকতেন বলে জানিয়েছে পুলিশ ও পরিবার।

পরিবারের বরাতে পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমাতে যান সাবিকুন্নাহার। এরপর থেকে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

শনিবার দুপুর ১টার দিকে তাঁর বড় বোন সুলতানা (২১) ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সাবিকুন্নাহারকে ঝুলতে দেখেন।

পরিবারের সদস্যরা জানান, প্রায় দুই বছর আগে কুমিল্লার মেঘনা থানার বড়কান্দা এলাকার মো. সুজনের সঙ্গে সাবিকুন্নাহারের বিয়ে হয়। তাঁর স্বামী বর্তমানে দুবাইয়ে থাকেন।পরিবারের দাবি, সাবিকুন্নাহারের দুটি কিডনি নষ্ট ছিল এবং তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

বন্দর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

সর্বশেষ

জনপ্রিয়