চট্টগ্রামের শিশুসাহিত্য উৎসবে নারায়ণগঞ্জের সেন্টু-শান্ত
চট্টগ্রামে বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুই দিনব্যাপী শিশুসাহিত্য উৎসবে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জের শিশুসাহিত্যিক সাব্বির আহমেদ সেন্টু ও নজরুল ইসলাম শান্ত। উৎসবে তাঁদের আলোচনা ও লেখা পাঠ উপস্থিত লেখক ও সাহিত্যপ্রেমীদের প্রশংসা পেয়েছে।
চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে আড়ম্বরপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয় এ উৎসব। শিশুসাহিত্যিক ও উদ্যোক্তা রাশেদ রউফের সার্বিক তত্ত্বাবধানে এবং বাচিকশিল্পী আয়েশা শিমুর সঞ্চালনায় এতে দেশের বিভিন্ন প্রান্তের খ্যাতিমান শিশুসাহিত্যিক ও লেখকেরা অংশ নেন।
উৎসবের শুরুতে বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ১৫ জন লেখক। তাঁদের মধ্যে ছিলেন ড. হরিশংকর জলদাস, সুজন বড়ুয়া, ড. মারুফুল ইসলাম, শিশুসাহিত্যিক রহীম শাহ, আনজীর লিটন, ড. সুরেশ চন্দ্র বসাক, রবিউল আলম, বিশ্বজিৎ চৌধুরী, ঝর্ণা রহমান, রফিকুর রশীদ, মুহাম্মদ শামসুল হক, ড. তপন বাগচী, জি এইচ হাবিব ও ড. ফারসীম মান্নান মোহাম্মদীসহ বিশিষ্ট লেখকেরা।
উৎসবের বিভিন্ন পর্বে আলোচনা ও লেখা পাঠে অংশ নেন প্রফেসর রীতা দত্ত, ড. ওবায়দুল করিম, ড. উদিতি দাস, ড. গৌরী ভট্টাচার্য, কামরুজ্জামান কাজল, মাহফুজুর রহমান, মাহমুদুন নাহার, অভিক ওসমান, হাসান জাকির হোসেন কামাল, রাউফুন, মিজানুর রহমান শামীম, হাসনাত আমজাদ, উত্তম সেন, নজরুল ইসলাম শান্তু, ইমরান পরশ, সাব্বির আহমেদ সেন্টু, নাফে নজরুল, আরিফ নজরুল, ওমর ফারুক নাজমুল, রহমান আজিজ, আতিক রহমান, শিবু কান্তি দাস ও ওমর কায়সারসহ দেশের বিভিন্ন অঞ্চলের লেখকেরা।
উৎসবে নারায়ণগঞ্জ থেকে অংশ নেওয়া সাব্বির আহমেদ সেন্টু ও নজরুল ইসলাম শান্তুর আলোচনা ও লেখা পাঠের মধ্য দিয়ে দেশের শিশুসাহিত্য অঙ্গনে জেলার প্রতিনিধিত্ব তুলে ধরা হয়। তাঁদের অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসবে নারায়ণগঞ্জের সাহিত্যচর্চা ও শিশুসাহিত্য নিয়ে কাজের পরিচিতিও উঠে আসে।





































