১৪ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৪, ১৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত ও সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, স্ট্যান্ড ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ বিন শফিক।

অভিযান চলাকালে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে গোলাকান্দাইল ও সাওঘাট এলাকা পর্যন্ত মহাসড়কের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্ট্যান্ড, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

এর আগে মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছিল। প্রশাসনের নির্দেশনা পেয়ে অনেক ব্যবসায়ী স্বেচ্ছায় তাঁদের দোকানপাট ও স্থাপনা সরিয়ে নেন। অভিযানের পর মহাসড়কের দখলমুক্ত অংশে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন, ‘মহাসড়ক দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আপাতত ৪০ জন স্বেচ্ছাসেবী নিয়মিতভাবে এখানে কাজ করবেন। পরবর্তী সময়ে সড়কে ডিভাইডার স্থাপন করে যানবাহন চলাচল আরও সুশৃঙ্খল ও নিরাপদ করার উদ্যোগ নেওয়া হবে।’

সর্বশেষ

জনপ্রিয়