২৯ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:০৩, ২৯ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে যুবদল-ছাত্রলীগ নেতা-কর্মীদের সংঘর্ষ-গুলি-ভাঙচুর

রূপগঞ্জে যুবদল-ছাত্রলীগ নেতা-কর্মীদের সংঘর্ষ-গুলি-ভাঙচুর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রলীগের এক নেতার অনুসারীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে। এ সময় আগ্নেয়াস্ত্র থেকে গুলি, প্রতিপক্ষের মোটরসাইকেল, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও আগুন দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে উপজেলার বরপা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলেও জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু ভূঁইয়ার সঙ্গে রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রাফিন ভূঁইয়ার তর্ক হয়। তর্কের এক পর্যায়ে রাফিন ভূঁইয়াকে মারধর করেন আরজু ও তার লোকজন। পরে রাফিনও তার অনুসারী লোকজন নিয়ে বরপা বাসস্ট্যান্ডে আসেন।

উভয়পক্ষ তখন মুখোমুখি হলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আগ্নেয়াস্ত্র থেকে কয়েক রাউন্ড গুলিও চলে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

পুলিশ জানায়, ঘটনার সময় একটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। মোটরসাইকেলটি যুবদলের নেতা-কর্মীদের ধাওয়ায় ফেলে যান ছাত্রলীগের রাফিন ভূঁইয়া।

স্থানীয়রা জানান, এই ঘটনার জেরে পরে ছাত্রলীগ নেতা রাফিন ভূঁইয়া ও তার আত্মীয়দের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন বলে জানিয়ে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে গুলির কয়েকটি খোসা ও একটি তাজা গুলিও উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম সালাউদ্দিন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়