২৯ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১১, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ৯

বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ৯

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের বিশেষ অভিযানে আলোচিত স্বর্ণের দোকানে ডাকাতি মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার ছয় আসামি ও তিন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত বন্দরসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে স্বর্ণের দোকানে ডাকাতি মামলার আসামি সবুজ হোসেন (২৬), বিভিন্ন মামলার আসামি ইউসুফ আলী (২৮), পারভেজ (২০), হিমন (২৯) ও সাইদুল ইসলাম ওরফে মঞ্জু (৩৯) এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মেহেদী হাসান (৩১) রয়েছেন। এ ছাড়া মাদক সেবনরত অবস্থায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) দীপংকর ঘোষের নেতৃত্বে এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের অংশগ্রহণে মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে ২৮ সেপ্টেম্বর দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ থানার চৌমুহনী বাজার থেকে ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাতে বন্দরের ধামগড় এলাকা থেকে আলোচিত স্বর্ণের দোকানে ডাকাতি মামলার আসামি সবুজ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ছাড়া ২৯ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে বন্দর রেললাইন এলাকা থেকে পারভেজ এবং রাত ১টা ১০ মিনিটে নবীগঞ্জ এলাকা থেকে হিমনকে গ্রেপ্তার করা হয়। ২৮ সেপ্টেম্বর দুপুরে র‍্যাবের সহায়তায় পটুয়াখালী সদর থানা এলাকা থেকে সাইদুল ইসলাম ওরফে মঞ্জুকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর বন্দর থানা এলাকা থেকে গ্রেপ্তারি পরোয়ানামূলে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। একই রাতে বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়