ভুয়া র্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র্যাব সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে র্যাবের চারটি কটি, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, র্যাবের একটি আইডি কার্ড, পিস্তলের কভার ও একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকামুখী লেনে চেকপোস্ট পরিচালনাকালে তাদের গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন ঝালকাঠির নলছিটি উপজেলার রাজারবাগ এলাকার আব্দুর রবের ছেলে মো. সোহেল (৩৫) এবং গাজীপুরের জয়দেবপুরের আমনা আমতলী এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০)। সোহেল বর্তমানে ঢাকার যাত্রাবাড়ীর কাজলা কাঠেরপুল এলাকায় এবং সাজ্জাদ দক্ষিণখানের আশকোনা এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানা এলাকায় নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকের তত্ত্বাবধানে এসআই চন্দন দের নেতৃত্বে মেঘনা টোল প্লাজা এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় র্যাব সদস্য পরিচয়দানকারী সোহেল ও সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে কালো রঙের র্যাবের চারটি কটি, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, একটি পিস্তলের কভার, র্যাবের একটি আইডি কার্ড, একটি ওয়ালটন ও একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৯০টি কালো রঙের প্লাস্টিকের টাই এবং একটি এফজেড-১ ভার্সনের মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-২৫-৮৬০৫) জব্দ করা হয়।
পুলিশের অভিযোগ, গ্রেপ্তার দুজন র্যাব সদস্য পরিচয় দিয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়।





































