১৯৯৮ ব্যাচের আয়োজনে ইন্টার স্কুল ফুটবল, চ্যাম্পিয়ন আদর্শ স্কুল
নারায়ণগঞ্জের ১৯৯৮ সালের এইচএসসি ব্যাচের উদ্যোগে আয়োজিত ‘ইন্টার স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ–সিজন-১’ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খেলাকে কেন্দ্র করে এ আয়োজন পুরোনো বন্ধুদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
শুক্রবার ফতুল্লার জালকুড়ির স্পোর্টস অ্যারেনায় দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। এগুলো হলো হাজী সিরাজউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়, আদর্শ স্কুল, নারায়ণগঞ্জ বার একাডেমি, গণ-বিদ্যা নিকেতন, জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়, হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়, কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় এবং চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতায় মোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল ২০টি গ্রুপ পর্বের ম্যাচ, দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল। প্রতিটি ম্যাচেই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই এবং দর্শকদের ব্যাপক উপস্থিতি।
প্রথম সেমিফাইনালে লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয় ২-১ গোলে চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে ওঠে। দ্বিতীয় সেমিফাইনালে আদর্শ স্কুল ১-০ গোলে হাজী সিরাজউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।
ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে আদর্শ স্কুল ২-০ গোলে লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নেয়।
আয়োজনের নেপথ্যে ছিলেন এম কে হাসান বিপু, মেজবাউল হক মারুফ, শিপলু সিনহা, রতন হোসেন, সুমন ভুইয়া, সমীর সাহাসহ ১৯৯৮ ব্যাচের একদল উদ্যোমী বন্ধু।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি ১৯৯৮ সালের ব্যাচের বন্ধুদের পুনর্মিলনের সুযোগ করে দেওয়াই ছিল এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। মাঠের প্রতিযোগিতার পাশাপাশি পুরোনো স্মৃতিচারণ, আড্ডা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ পুরো আয়োজনকে এক অনন্য মিলনমেলায় পরিণত করে।
তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে খেলাধুলার প্রসারের পাশাপাশি সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে।





































