রেড ক্রিসেন্ট নির্বাচনে দুই পদে মনোনয়নপত্র নিলেন নিরব রায়হান
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান।
শনিবার (২৪ অক্টোবর) ইউনিটের সচিবের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। নিরব রায়হান এর আগে নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৫ অক্টোবর। নির্বাচনে একজন ভাইস চেয়ারম্যান, একজন সাধারণ সম্পাদক ও পাঁচজন সদস্য নির্বাচিত হবেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর নিরব রায়হান বলেন, ‘রেড ক্রিসেন্ট একটি মানবসেবামূলক সংগঠন। আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি।’
বিগত সময়ে সংগঠনটিকে কুক্ষিগত করে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। নিরব বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অ্যাডহক কমিটিতে আমার থাকার সুযোগ হয়েছিল। সে সুবাদে রেড ক্রিসেন্টের সঙ্গে কাজ করেছি। আগামীতেও নারায়ণগঞ্জের মানুষের স্বার্থে সেবামূলক কাজে অংশ নিতে চাই।’
সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করে তিনি বলেন, ‘নির্বাচিত হলে সততা ও নিষ্ঠার সঙ্গে নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করব।’





































