কায়েতপাড়ায় গণসংযোগে সরব গোলজার হোসেন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে গণসংযোগ ও সভা করছেন অ্যাডভোকেট গোলজার হোসেন। ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করে সমর্থন চাইছেন তিনি।
শুক্রবার কামশাইর এলাকায় তাঁর সমর্থনে সভা অনুষ্ঠিত হয়। এর আগে নগরপাড়া বালুর মাঠেও সভা করেন তিনি। শনিবার বড়ালু বাজার মাঠে আয়োজিত সভায় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় গোলজার হোসেন বলেন, “কায়েতপাড়ার প্রতিটি মানুষ আমার পরিবারের সদস্য। আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ভালোবাসা আমাকে আজীবন ঋণী করে রাখল। আমি আপনাদের খেদমত করার সুযোগ চাই।”
কায়েতপাড়াকে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে অন্যায়-অবিচারকে প্রশ্রয় দেওয়া হবে না। নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন।
কামশাইর এলাকার আমেনা বেগম বলেন, বিপদে-আপদে মানুষের পাশে থাকেন এমন একজনকে তাঁরা চেয়ারম্যান হিসেবে চান। গোলজার হোসেন সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন বলে তাঁকে সমর্থন করছেন তিনি।
বড়ালু এলাকার তরুণ উদ্যোক্তা রাশেদুল ইসলাম বলেন, শিক্ষিত ও আইন পেশায় যুক্ত গোলজার হোসেন ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন বলে তিনি আশাবাদী।
গণসংযোগ ও সভায় গোলজার হোসেন ইউনিয়নের উন্নয়নে ভোটারদের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।





































