২৫ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫৫, ২৫ অক্টোবর ২০২৬

আপডেট: ১৭:৫৬, ২৫ অক্টোবর ২০২৬

কেন্দ্রীয় নেতার মৃত্যুতে জেলা ওয়ার্কার্স পার্টি ও শ্রমিক ফেডারেশনের শোক

কেন্দ্রীয় নেতার মৃত্যুতে জেলা ওয়ার্কার্স পার্টি ও শ্রমিক ফেডারেশনের শোক

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলটির নারায়ণগঞ্জ জেলা শাখা এবং জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের জেলা নেতারা।

রোববার (২৫ অক্টোবর) এক যৌথ শোকবার্তায় ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হিমাংশু সাহা এবং জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সদস্যসচিব গোলাম মোস্তফা সাচ্ এ শোক জানান।

শোকবার্তায় জানানো হয়, দেবাশীষ প্রামাণিক দেবু রোববার ভোরে আকস্মিক কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যুবরণ করেন। তিনি জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্যও ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

নেতারা বলেন, আশি ও নব্বইয়ের দশকে সামরিক স্বৈরাচারবিরোধী এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে দেবাশীষ প্রামাণিক দেবুর রাজনৈতিক জীবন গড়ে ওঠে। ছাত্র মৈত্রীর নেতা হিসেবে রাজশাহীর প্রগতিশীল ছাত্র আন্দোলনে সাহসী ভূমিকা পালন করেন তিনি। এ সময় মামলা, গ্রেপ্তার ও কারাবরণের অভিজ্ঞতার মধ্য দিয়ে তাঁকে যেতে হয়েছে।

ছাত্রজীবন শেষে তিনি শ্রমিক আন্দোলন ও ওয়ার্কার্স পার্টির রাজনীতিতে সক্রিয় হন। দক্ষ সংগঠক হিসেবে রাজশাহীতে দলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অসাম্প্রদায়িক রাজনীতি ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামেও যুক্ত ছিলেন তিনি।

শোকবার্তায় নেতারা বলেন, দেবাশীষ প্রামাণিক দেবুর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টি ও শ্রমিক আন্দোলন একজন নিবেদিতপ্রাণ সংগঠককে হারিয়েছে। তাঁর মৃত্যু রাজশাহীর প্রগতিশীল রাজনৈতিক অঙ্গনের জন্য বড় ক্ষতি।

নেতারা প্রয়াত দেবাশীষ প্রামাণিক দেবুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

সর্বশেষ

জনপ্রিয়