৩১ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১২:২৪, ৩১ অক্টোবর ২০২৬

আপডেট: ১২:৪২, ৩১ অক্টোবর ২০২৬

সাংবাদিকরা সমাজের দর্পণ, সন্ত্রাস-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান সাখাওয়াতের

সাংবাদিকরা সমাজের দর্পণ, সন্ত্রাস-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান সাখাওয়াতের

সাংবাদিকরা সমাজের দর্পণ উল্লেখ করে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, একটি সুস্থ, সুন্দর ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তুলতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যায় ও অপরাধের বিরুদ্ধে গণমাধ্যমের সোচ্চার অবস্থান অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে সহায়ক হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভা, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬-এ প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, একটি দেশের সাংবাদিকরা চাইলে অনেক কিছু সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ২০১৪ সালে আইনজীবী অ্যাডভোকেট চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ ও হত্যার পর তাঁদের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধারের ঘটনায় নারায়ণগঞ্জের গণমাধ্যমের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। ওই সময় অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে নারায়ণগঞ্জের মানুষের আন্দোলনে সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

সন্ত্রাস, দুর্নীতি ও মাদকবিরোধী ভূমিকার বিষয়ে তিনি বলেন, যারা সন্ত্রাস ও দুর্নীতির সঙ্গে জড়িত এবং যারা মাদক ব্যবসা করে, তাদের কর্মকাণ্ড প্রকৃত তথ্যের ভিত্তিতে গণমাধ্যমে তুলে ধরতে হবে। এতে প্রশাসন ও সাধারণ মানুষ অপরাধ সম্পর্কে জানতে পারবে এবং অপরাধীদের বিরুদ্ধে সামাজিক ও প্রশাসনিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে সব সময় সত্য, ন্যায় ও ভালো কাজের পক্ষে থাকার আহ্বান জানান তিনি।

খানপুরে বিআইডব্লিউটিএর প্রস্তাবিত কন্টেইনার পোর্ট নির্মাণ প্রসঙ্গে সাখাওয়াত বলেন, এ বিষয়ে সংসদ সদস্য আবুল কালামের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। তাঁরা দুজনই প্রকল্পটি নিয়ে একমত হয়েছেন যে, নারায়ণগঞ্জ শহরের মানুষের ভোগান্তি সৃষ্টি করে এমন স্থানে পোর্ট নির্মাণ করা উচিত নয়। পানগাঁওয়ে কয়েক কিলোমিটার দূরেই বড় একটি কন্টেইনার পোর্ট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে গত বছর লক্ষ্যমাত্রার মাত্র ৪ শতাংশ অর্জিত হয়েছে। বিদ্যমান পোর্টের কার্যক্রমই যেখানে প্রত্যাশিত পর্যায়ে নেই, সেখানে নতুন করে আরেকটি পোর্ট নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে। মানুষের ভোগান্তি হবে না, এমন বিকল্প স্থানে প্রকল্পটি সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

পরিচ্ছন্ন ও যানজটমুক্ত নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সিটি করপোরেশনের প্রশাসক বলেন, পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকরা লেখনীর মাধ্যমে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে পারেন। নগরীর ফুটপাত দখল হয়ে থাকায় মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। নারায়ণগঞ্জকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। এ কাজে সিটি করপোরেশন সাংবাদিকদের পাশে থাকবে বলেও জানান।

নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির সভাপতি ও নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম ইকবাল রুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবুল কালাম। প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও মীম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রধান, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন এবং জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক সিদ্দিকী।

সর্বশেষ

জনপ্রিয়