৩১ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২৬, ৩০ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:২৬, ৩০ অক্টোবর ২০২৬

শহরে কন্টেইনার পোর্ট নির্মাণ নিয়ে এমপি কালামের উদ্বেগ

শহরে কন্টেইনার পোর্ট নির্মাণ নিয়ে এমপি কালামের উদ্বেগ

সাংবাদিকতার পেশাগত মান, বস্তুনিষ্ঠতা ও সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে গণমাধ্যমকর্মীদের সুনির্দিষ্ট গঠনতন্ত্র মেনে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বলেছেন, বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনই সাংবাদিকতার মূল দায়িত্ব। গুটিকয়েক অপেশাদার ও অনুপ্রবেশকারীর কারণে যেন পুরো সাংবাদিক সমাজকে প্রশ্নবিদ্ধ হতে না হয়, সে বিষয়ে সাংবাদিকদের নিজেদেরই সচেতন ভূমিকা রাখতে হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভা, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, সাংবাদিকদের সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে নির্দিষ্ট আদর্শ, উদ্দেশ্য ও নিয়মনীতি থাকা জরুরি। গঠনতন্ত্র অনুযায়ী যোগ্যতা বিবেচনা করে সদস্যদের স্বীকৃতি দিতে হবে। তিনি বলেন, ‘হলুদ সাংবাদিকতা’ শব্দটির সঙ্গে সাংবাদিক সমাজের অধিকাংশের সম্পৃক্ততা না থাকলেও গুটিকয়েক মানুষের কর্মকাণ্ডের দায় পুরো সাংবাদিক সমাজকে বহন করতে হচ্ছে।

নগরীর যানজট, হকার সমস্যা ও বিআইডব্লিউটিএর কন্টেইনার পোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, এসব সমস্যা দীর্ঘদিনের। গত আট মাস ধরে এগুলো সমাধানে চেষ্টা চলছে। ইতিমধ্যে চাষাঢ়া মোড়ে অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে মানুষের যাতায়াত কিছুটা স্বাচ্ছন্দ্যময় হয়েছে।

কন্টেইনার পোর্টের সম্ভাব্য প্রভাব তুলে ধরে তিনি বলেন, সেখানে ২৪ চাকার প্রায় ৪০ ফুটের বেশি দৈর্ঘ্যের গাড়ি চলাচল করবে। নগরীর বিদ্যমান সড়ক অবকাঠামোর সঙ্গে এত বড় যানবাহনের চলাচল কতটা সামঞ্জস্যপূর্ণ হবে, তা নিয়ে ভাবতে হবে। নগরের জন্য আরও ক্ষতিকর হলে এমন উদ্যোগ রাখার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ সময় হকারদের পুনর্বাসনের বিষয়টি সিটি করপোরেশনের প্রশাসক গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন বলেও জানান।

সমাজ থেকে ছিনতাই, অপরাধ ও মাদক নির্মূলে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আবুল কালাম বলেন, নারায়ণগঞ্জকে গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে এলাকাভিত্তিক মনিটরিংয়ের কাজ চলছে। রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ মানুষ একটি পরিবারের সদস্য হিসেবে ঐক্যবদ্ধভাবে অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে সমাজ থেকে ছিনতাইকারী, দুষ্কৃতকারী ও মাদকাসক্তদের দৌরাত্ম্য কমানো সম্ভব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এ ক্ষেত্রে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে।

নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির সভাপতি ও নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম ইকবাল রুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও মীম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রধান, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন এবং জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক সিদ্দিকী।

সর্বশেষ

জনপ্রিয়