২৮ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৪, ২৮ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:৩০, ২৮ অক্টোবর ২০২৬

শামীম ও সেলিম ওসমানের কর্মকাণ্ডে গোয়েন্দা ভূমিকা নিয়ে প্রশ্ন জব্বারের

শামীম ও সেলিম ওসমানের কর্মকাণ্ডে গোয়েন্দা ভূমিকা নিয়ে প্রশ্ন জব্বারের

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার উপর সশস্ত্র হামলা চালানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে বিদেশে বসে নেতা-কর্মীদের নানা নির্দেশনা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন জামায়াত নেতা আবদুল জব্বার।

শামীমের বড়ভাই জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানও বেশ কয়েকটি হত্যা মামলায় অভিযুক্ত হলেও নারায়ণগঞ্জে অফিস করছেন বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন জব্বার।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভায় জামায়াতে ইসলামীর মহানগর শাখার আমীর মাওলানা আবদুল জব্বার এসব কথা বলেন।

২০০৬ সালে আওয়ামী লীগের নেতৃত্বে হওয়া লগি-বৈঠার আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে এই সভার আয়োজন করে জামায়াতে ইসলামী।

এ সময় সরকার ও প্রশাসনের উদ্দেশে জব্বার বলেন, “এখানে সেলিম ওসমান অফিস করেন, আমরা শুনছি, নানান জায়গায় সংঘটিত করার চেষ্টা করছেন। শামীম ওসমান বিদেশে বসে নানান নির্দেশনা দিচ্ছেন, এগুলো কি আপনাদের কাছে গোয়েন্দা তথ্য নাই?”

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, “দুঃখজনক বিষয়, কয়েক বছর আগে যে ঘটনা ঘটেছিল এবং সে সময় যে হত্যাকাণ্ড ঘটেছিল, তারা বক্তব্য দিয়েছিলেন যে, জুলাই সনদ মেনে নিয়ে সব হত্যাকাণ্ডের বিচার করবেন। কিন্তু সরকার সেই হত্যাকাণ্ডের বিচার করেনি। সুতরাং এগুলো দিয়ে বোঝা যায়।”

তিনি বলেন, “তারা বিভিন্ন জায়গায় বলেন, গোয়েন্দা তথ্য আছে, জামায়াতের সঙ্গে নাকি আওয়ামী লীগের আঁতাত আছে। এ ঘটনা থেকে বোঝা যায়, জামায়াতের সঙ্গে নয়, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের আঁতাত আছে। সুতরাং এসব ধানাই-পানাই বাদ দিয়ে জনগণের জন্য আপনারা কাজ করুন।”

ঠাকুরগাঁয়ের উপনির্বাচন প্রসঙ্গে জব্বার বলেন, “আগামীকাল ঠাকুরগাঁয়ে বাংলাদেশের প্রথম উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এটি এই সরকারের জন্য প্রথম টেস্ট কেস। আপনারা যদি মাগুরার মতো ভাই-ভাই খেলা শুরু করেন, তাহলে সেটি আপনাদের পতনের ঘণ্টা বাজিয়ে দেবে। ...যদি কোনো ধরনের দলকানা নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি দলীয়পনা ও কারচুপি দেখতে পাই, তাহলে সেই আন্দোলন শুধু ঠাকুরগাঁয়ে সীমাবদ্ধ থাকবে না। আমরা নারায়ণগঞ্জ থেকে সেই আন্দোলন শুরু করব।”

সর্বশেষ

জনপ্রিয়