বন্দরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধনের মধ্য দিয়ে সারাদেশের মতো নারায়ণগঞ্জের বন্দর উপজেলায়ও শুরু হয়েছে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানের পর বন্দর উপজেলা পরিষদ চত্বরে স্থানীয়ভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিউর রহমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি ফরাজিকান্দা এলাকায় গিয়ে স্থানীয় জনগণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করে। পরে র্যালিটি পুনরায় উপজেলা পরিষদ চত্বরে ফিরে আসে।
ইউএনও শিবানী সরকার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শনিবার থেকে দেশের সব জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকায় আগামী তিন মাস প্রতি শনিবার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হবে।
তিনি বলেন, কর্মসূচির আওতায় ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।





































